ক্যামেরার ধারণা পালটে দেবে লাইট্রো!
ক্যামেরা নির্মাণের ক্ষেত্রে নতুন হলেও সিলিকন ভ্যালির লাইট্রো ইনকরপোরেশন নামটি প্রযুক্তির বিশ্বে বর্তমানে আলোচিত হচ্ছে। মূলত ‘লাইট্রো’ ব্র্যান্ডের নতুন ডিজাইনের ক্যামেরা বাজারে ছাড়ার পর থেকেই প্রতিষ্ঠানটিকে ঘিরে এই আলোচনার সূত্রপাত। এই ক্যামেরার নতুন ডিজাইন আর প্রযুক্তির কারণে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল লাইট্রোকে ‘সবচেয়ে সামাজিক ক্যামেরা’ হিসেবে উল্লেখ করেছে।লাইট্রোর বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, লাইট্রো ক্যামেরায় আগে ছবি উঠিয়ে পরে ফোকাস ঠিক করে নেওয়ার প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তিতে ছবি ওঠানোর সময় ক্যামেরা পুরো লাইট-ফিল্ড রেকর্ড করে রাখে। পরে সেখান থেকে প্রয়োজনীয় ফোকাস ঠিক করে নেওয়া হয়। লাইট্রো ক্যামেরা বাইরে থেকে দেখতে মসৃণ, ১.৬ বর্গইঞ্চি মাপের একটি বাক্সের মতো। ক্যামেরার এক পাশে রয়েছে লেন্স আর অন্য পাশে এলসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে। বাক্সের পাশের অংশগুলোতে রয়েছে পাওয়ার, শাটার বাটন ও ইউএসবি পোর্ট। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, লাইট-ফিল্ড ফটোগ্রাফির ক্ষেত্রে প্রযুক্তি পাল্টে দিতে পারে লাইট্রো। পাশাপাশি স্মার্টফোন ক্যামেরার যুগে ক্যামেরার বিলুপ্তি ঠেকাতেও লাইট্রো উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তিনটি মডেলে বাজারে এসেছে লাইট্রো। এর দাম ৩৯৯ ডলার থেকে শুরু। অবশ্য বাংলাদেশের বাজারে লাইট্রো ক্যামেরা এখনো আসেনি।