ক্যাম্পাস প্রযুক্তি উৎসব শুরু

আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তৃতীয় ‘ন্যাশনাল ক্যাম্পাস আইটি ফেস্ট’। এর উদ্যোক্তা আইটি সোসাইটি (ডিইউআইটিএস) ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রনালয়ের আইসিটি বিভাগ।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সকল ভালো কাজের সঙ্গে থাকে। তারই ধারাবাহিকতায় সরকারের তথ্য-প্রযুক্তিসহ সকল ভালো কাজের সঙ্গে আছি আমরা। দেশের প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সবার আগে এগিয়ে আসতে হবে। তরুণ শিক্ষার্থীরা যখন প্রযুক্তিকে এগিয়ে নেবে তখনেই দেশের প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাবে।’
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। শুধু প্রযুক্তির একটি নির্দিষ্ট ক্ষেত্রে ভালো করলে চলবে না। প্রযুক্তির সকল শাখায় আমাদের সমান তালে চলতে হবে। তাহলেই দেশ নিদিষ্ট সময়ের মধ্যে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।’
বিশেষ অতিথি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘এই উৎসব প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব। বাংলাদেশে প্রযুক্তির বিপ্লব শুরু হয়েছে। সরকার দেশকে প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এবং তারই ধারাবাহিকতায় বিভিন্ন কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং চলছে। আজকের আমাদের দেশকে প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে নিবে। সে দিন খুব বেশী দুরে নয় যে দিন আমাদের দেশের তরুণরাই শুধু অন্যের বানানো গেমস খেলবে না। আমাদের তরুণদের বানানো গেমস অন্য দেশের তরুণরা খেলবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিকসন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজ। তিনি বলেন, ‘এরিকসন সারা বিশ্বে প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহন করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশেও বিভিন্ন প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এরিকসন থাকতে চায়। বিশেষ করে বাংলাদেশের তরুণদের সঙ্গে এরিকসন সবসময় কাজ করতে আগ্রহী।’
আয়োজকেরা জানিয়েছেন, এবারে উৎসবে বিভিন্ন আইটি প্রকল্প, মোবাইল অ্যাপস, বিজনেস আইডিয়াসমূহ নিয়ে হাজির হয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য আছে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার ও আউটসোর্সিং কর্মশালা। এ ছাড়া প্রতিবারের মতো গেমিং কন্টেস্ট এবং আইটি কুইজ প্রতিযোগিতা রয়েছে।
দুই দিনের এবারের আয়োজনে দেশের ৭০ টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় এক হাজার ৫০০ শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তি প্রেমী এতে অংশগ্রহন করছে। ১৫ সেপ্টেম্বর উৎসবের শেষ দিন।
প্রতিযোগীতায় প্রতিটি বিভাগ থেকে সেরা ৫ জনকে পুরস্কৃত করা হবে। সকল বিভাগ থেকে সেরাদের সর্বমোট ২ লাখ টাকা অর্থমূল্য ছাড়াও থাকছে ক্রেস্ট, সার্টিফিকেটসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার।