ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাগিব হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাগিব হাসান
রাগিব হাসান

ক্লাউড কম্পিউটিংয়ে নিরাপত্তার ওপর গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের (এনএসএফ) ‘ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি গবেষক রাগিব হাসান। এটি তরুণ শিক্ষকদের জন্য ‘ফ্যাকাল্টি আর্লি ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ কর্মসূচির আওতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কারের একটি। শুধু গবেষণাই নয়, এর সঙ্গে শিক্ষকতা, গবেষণায় সহযোগিতা এবং গবেষণার সঙ্গে শিক্ষা কার্যক্রমের সমন্বয় বিষয়গুলোকে বিবেচনায় এনে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থ মূল্য চার লাখ ৮৫ হাজার ডলার।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাগিব হাসান গত বৃহস্পতিবার ই-মেইলে প্রথম আলোকে জানান, ‘ক্যারিয়ার অ্যাওয়ার্ডের অর্থ থেকে আগামী পাঁচ বছর আমার গবেষণার খরচ এবং যন্ত্রপাতির খরচ ছাড়াও দুজন পিএইচডি শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করা হবে।’
পুরস্কারপ্রাপ্তির বিষয়ে রাগিব বলেন, ‘এটি ক্লাউড কম্পিউটিংয়ের নিরাপত্তা গবেষণায় অনেক সাহায্য করবে। অধ্যাপনায় যোগ দেওয়ার দুই বছরের মাথায় এই পুরস্কার পাওয়ায় আমি খুবই খুশি।’
উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট রাগিব হাসান এর আগে তাঁর শিক্ষক ডটকমের (www.shikkhok.com) জন্য গুগলের রাইজ অ্যাওয়ার্ড, ডয়চে ভেলের দ্য ববস অ্যাওয়ার্ড, দ্য ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড, ইন্টারনেট সোসাইটি কমিউনিটি গ্র্যান্ট পেয়েছেন। তরুণ এ গবেষক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করে দেশের বাইরে ইন্টারনেট নিরাপত্তা গবেষণায় কাজ করছেন। সেরা শিক্ষার্থী হিসেবে বুয়েট থেকে পেয়েছেন স্বর্ণপদক পুরস্কার। —নুরুন্নবী চৌধুরী