
মাত্র দুই বছর বয়স থেকে বেহালা বাজানো শুরু করেন। মায়ের কাছেই হাতেখড়ি। ১০ বছর বয়স থেকে সংগীতই হয়ে ওঠে ক্যারোলিন শোর নেশা আর পেশা।সেদিনের সেই মেয়েটি আর ছোট নেই। তবে সংগীতে সবচেয়ে কম বয়সী পুলিৎজারজয়ী তিনি। মাত্র ৩০ বছর বয়সে গত বছর সংগীতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন এই পুরস্কার।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ১৯৮২ সালে জন্ম ক্যারোলিনের। পুরো নাম ক্যারোলিন অ্যাডিলেইড শো। বেহালা দিয়ে সুর তৈরি করতে বেশি পছন্দ ক্যারোলিনের। রিচ ইউনিভার্সিটি থেকে সংগীত বিষয়ে স্নাতক এবং ইয়েলে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আর এ দুটি ডিগ্রিই তিনি নিয়েছেন বেহালার ওপর। পরবর্তী সময়ে ২০১০ সালে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন তিনি। পুরস্কার অর্জনের এ বিষয়টি নিয়ে খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এটিই যে প্রথম পুলিৎজার পুরস্কার পাওয়ার ঘটনা।
মিউজিক কম্পোজিশেনর বাইরে ক্যারোলিন নিয়মিতই বিভিন্ন অনুষ্ঠানে বেহালা বাজান। এ কাজটি তিনি ট্রিনিটি ওয়াল স্ট্রি শোর, অ্যালর্ম ওইল সাউন্ড, ওয়ার্ল্ডলেস মিউজিক অর্কেস্ট্রা, ভিক্টোরিয়া, অপেরা ক্যাবল, দ্য মার্ক মরিস ড্যান্স গ্রুপ, রেড লাইট নিউ মিউজিকসহ মঞ্চের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে বেহালা পরিবেশন করে যাচ্ছেন। সংগীত নিয়ে আরও এগিয়ে যেতে চান তরুণ এ সুরকার।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: পুলিৎজার ডট অর্গ, উইকিপিডিয়া