ক্যাসপারস্কির সাইবার সুরক্ষিত অপারেটিং সিস্টেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোড ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহার উপযোগী অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা করেছে রাশিয়ার কম্পিউটার নিরাপত্তাবিষয়ক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব। গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষেত্র হিসেবে পরমাণবিক স্থাপনা, বিদ্যুত্, গ্যাস ও তেল কোম্পানি, অর্থনৈতিক ও টেলিযোগাযোগের মতো প্রতিষ্ঠানে এ অপারেটিং সিস্টেম ব্যবহূত হবে। ক্যাসপারস্কি কর্তৃপক্ষ দাবি করেছে, নতুন কোড ব্যবহার করে তৈরি অপারেটিং সিস্টেম সাইবার হামলা থেকে সুরক্ষা দিতে সক্ষম হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট। ক্যাসপারস্কি ল্যাব প্রতিষ্ঠাতা ইউজিন ক্যাসপারস্কি একটি ব্লগপোস্টে জানান, অনেক দিন ধরেই ক্যাসপারস্কি অপারেটিং সিস্টেম-বিষয়ক গুজব ছিল। এ খবরটি সত্যি হচ্ছে। অপারেটিং সিস্টেম তৈরি করছে ক্যাসপারস্কি ল্যাব। গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা দিতে পারবে ক্যাসপারস্কির তৈরি নতুন এ অপারেটিং সিস্টেম। বর্তমানে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষেত্রের জন্য হুমকি স্টাক্সনেট, ফ্লেম, ডকু, গাসের মতো শক্তিশালী ম্যালওয়্যার প্রতিরোধ করতে পারবে ক্যাসপারস্কির নতুন অপারেটিং সিস্টেমটি।ইউজিন ক্যাসপারস্কি আরও জানান, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষেত্রগুলোতে ‘সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা একুইজিশন’ (এসসিএডিএ) পদ্ধতি ব্যবহূত হয়, যাতে প্রচলিত কম্পিউটার পদ্ধতি ব্যবহার করেই সাইবার আক্রমণ করা সম্ভব। এসসিএডিএ সফটওয়্যার নিয়মিত আপডেট করার পরও ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমসের (আইসিএস) নিরাপত্তা দিতে পারে এমন একটি অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ করছে ক্যাসপারস্কি ল্যাব।