ক্রান্তিকালে কেনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্টগেটের ঘটনার সময় এক শিশুকে উদ্ধার করছে পুলিশ। এএফপি
ওয়েস্টগেটের ঘটনার সময় এক শিশুকে উদ্ধার করছে পুলিশ। এএফপি

কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত বিপণিকেন্দ্র ওয়েস্টগেটে নজিরবিহীন ধরনের রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে সোমালিয়ার জঙ্গি ইসলামি গোষ্ঠী আল-শাবাব। তারা বলেছে, সোমালিয়ায় কেনীয় সেনা মোতায়েনের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনটি হুমকি দিয়েছে, কেনিয়া অবিলম্বে সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার না করলে তারা আরও হামলা চালাবে। কেনিয়া অবশ্য জানিয়ে দিয়েছে যে তারা আল-শাবাবের হুমকিতে কান দেবে না। আল-শাবাবকে দমনে সহায়তা করতেই সোমালিয়ায় ২০১১ সালের অক্টোবর মাসে সেনা পাঠিয়েছিল কেনিয়া।ওয়েস্টগেট বিপণিকেন্দ্রে এ ভয়াবহ হামলার ঘটনায় কেনিয়ার নিরাপত্তাব্যবস্থা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনা কেনিয়ার নতুন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার জন্য স্পষ্টতই বিব্রতকর। মাত্র গত এপ্রিলে তিনি দেশের ক্ষমতা গ্রহণ করেন। এর মধ্যে এই ঘটনা তাঁকে ব্যাপক চাপের মুখে ফেলে দিয়েছে। এই ঘটনার পর পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ কেনিয়ার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা যে জটিল পরিস্থিতির মুখে পড়বে, তা সামলাতে প্রেসিডেন্ট কেনিয়াত্তাকে বেশ বেগ পেতে হবে বলেই রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। ২০১১ সালে কেনিয়া প্রায় চার হাজার সেনা মোতায়েন করেছিল সোমালিয়ায়। এর পরপরই কেনিয়ায় বেশ কয়েকটি বোমা ও গ্রেনেড হামলা চালায় আল-শাবাব। এতে ৩০ জনেরও বেশি নিহত হয়েছিল। কেনিয়া সরকার সে দেশে বেশ কয়েকটি অপহরণের ঘটনার জন্যও আল-শাবাব জঙ্গিদের দায়ী করে।

অনেকের ধারণা, ওয়েস্টগেটে এই ‘সফল’ হামলা আল-শাবাব ও তার সমর্থকদের কেনিয়ায় আরও হামলা চালাতে সাহস জোগাতে পারে। নাইরোবির ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক করওয়া আদার বলেন, ‘কোনো সন্দেহ নেই আল-কায়েদা ও আল-শাবাব একই ধরনের হামলা আবারও চালাবে। বিশেষ করে পূর্ব আফ্রিকার দেশগুলোতে। এখন এই অঞ্চলের প্রতিটি দেশের উচিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া।’

কেনিয়ার জাতীয় পরিষদের কয়েকজন সদস্য ইতিমধ্যে গোয়েন্দা বিভাগ ও অভিবাসন বিভাগের কার্যক্রম ফের খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, তাঁদের অসাবধানতার কারণেই আল-শাবাবের জঙ্গিরা দেশটিতে ঢুকতে পেরেছে।

কেনিয়া ও তার প্রতিবেশী দেশ ইথিওপিয়াকে পাশ্চাত্যের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েল, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বহু দিন ধরেই কেনিয়ার সঙ্গে গোয়েন্দা তথ্য ও সন্ত্রাস দমনবিষয়ক তথ্য বিনিময় করে আসছে। ১৯৯৮ সালে নাইরোবিতে মার্কিন দূতাবাসে আল-কায়েদার বোমা হামলার পর এই তথ্য আদান-প্রদান শুরু হয়। মার্কিন দূতাবাসে ওই হামলায় ২০০ জনেরও বেশি নিহত হয়। বিশ্লেষকেরা বলছেন, ওয়েস্টগেট হামলার পর এসব দেশের উচিত হবে কেনিয়ার নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে দেশটির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

রোকেয়া রহমান, সূত্র: বিবিসি