ক্রিকেট দেশের রাজপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন রূপকথা
শচীন রূপকথা
শচীন
শচীন

খেলা নিয়ে লেখালেখি করেন বলে উৎপল শুভ্রকে আনিসুল হক বলেন ‘লেখোয়াড়’। এই লেখোয়াড়ের লেখা প্রথম আলোয় যখনই বেরোয়, মন দিয়ে পড়ি। ক্রিকেট আমার প্রিয় খেলা, একসময় ক্রিকেট নিয়ে লেখা বই রীতিমতো জোগাড় করে পড়তাম। ক্রিকেট-সাহিত্য নামে যে সৃজনশীল চর্চা হয়, আমি তার অনুরাগী। এই চর্চায় এখন আমার একটি প্রিয় নাম উৎপল শুভ্র। এ পর্যন্ত প্রায় ১০০টি টেস্ট এবং অসংখ্য এক দিনের ও টি-টোয়েন্টি খেলার ভাষ্য লিখেছেন তিনি; তাঁর পরিচিত বিখ্যাত ক্রিকেটারদের সঙ্গে তাঁর কথোপকথনের বিবরণ দিয়েছেন, ক্রিকেট-বিশ্বের নানা টুকিটাকিও তুলে ধরেছেন পাঠকদের সামনে। কিন্তু শুভ্রর লেখা কখনো ক্রিকেটের পরিসংখ্যান ধারাভাষ্যে আটকে থাকে না, বরং ভালো একটি গল্পের মতো ছড়িয়ে পড়ে ক্রিকেট-কল্পনার অলিগলিতে, সে জন্য তাঁর লেখার একটা সাহিত্যমূল্য আপনা থেকে দাঁড়িয়ে যায়। খেলাধুলার পাতায় তিনি সঞ্চার করেন সাহিত্য রসের, যদিও মূল বিষয়গুলো কখনো তাতে ঢাকা পড়ে না। এ এক চমৎকার রসায়ন, যার প্রধান সূত্রটি নিহিত তাঁর অন্তর্দৃষ্টিতে, দ্বিতীয়টি সেই অন্তর্দৃষ্টি প্রকাশের বাহন ভাষায়। শুভ্রর ভাষাটি সুন্দর, ঝরঝরে—পাঠককে টানার সব উপকরণ আছে এই ভাষায়।
গত আড়াই যুগ ক্রিকেট মাঠে এক রাজপুত্রের মহিমায় যিনি সমুজ্জ্বল ছিলেন, সেই শচীন টেন্ডুলকারকে নিয়ে উৎপল শুভ্র লিখেছেন শচীন রূপকথা। গত বছর শচীন যেদিন ক্রিকেট থেকে অবসর নেন, বিশ্বের পত্রপত্রিকায় লেখা হয়, ক্রিকেট-যুগকে এখন ভাবা হবে শচীন-পরবর্তী হিসেবে, এমনই ছিল তাঁর অভিঘাত। ক্রিকেটের অনেক রেকর্ড তাঁর ঝুলিতে, তিনি মাঠে নামবেন বলে মরুভূমির মাঠও উপচে পড়ে দর্শকে; কোনো পণ্যের বিজ্ঞাপনে তাঁকে দেখা গেলে সেই পণ্যের কাটতি বাড়ে ১০০ গুণ; যাকে ভাবা হয় শুধু ক্রিকেট নয়, খেলাধুলার ক্ষেত্রে সারা বিশ্বের আইকনদের মধ্যে একজন—তাঁকে নিয়ে বই লেখা খুব সহজ কাজ নয়। কোথা থেকে শুরু করতে হবে, কোন কোন বিষয়ে জোর দিতে হবে, কীভাবে তাঁর অর্জনের সামূহিক পরিচয়টা তুলে ধরতে হবে—এর সবই হচ্ছে জটিল পদ্ধতির সমস্যা। কিন্তু শুভ্রের বই পড়ে মনে হলো, এসব কোনো সমস্যাই নয়। তিনি শুরু করেছেন শচীনের উষাকাল থেকে। না, এ উষাকাল শুধু তাঁর ক্রিকেটের নয়, জীবনেরও। মুম্বাইয়ে যে কলোনিতে তিনি বড় হয়েছেন, তাতে তাঁদের ফ্ল্যাট দালানটির নাম ছিল ‘উষাকাল’। কাকতালীয় এমন আরও অনেক বিষয়ের সঙ্গেও আপনাদের পরিচয় হবে। শুভ্র হিসাব কষে দেখিয়েছেন, শচীন টেস্ট ক্রিকেটে প্রথম এবং শেষবারের মতো ব্যাটিং করতে নামেন একই মাসের একই দিনে ঘড়ির কাঁটা মিলিয়ে একই সময়ে! অদ্ভুত তো বটেই।
উৎপল শুভ্র যে পদ্ধতি বেছে নিয়েছেন বইটি লেখার জন্য, তাতে ক্রিকেটার শচীনের সঙ্গে ব্যক্তি শচীনের সম্পর্কটা অঙ্গাঙ্গি। এই ব্যক্তি-শচীনের বেড়ে ওঠা, তাঁর পরিবার, পরিবারের সমর্থন, তাঁর সাধনা ও নিরন্তর চর্চা—এসবই মনোজ্ঞ বর্ণনায় তুলে ধরেছেন শুভ্র। একজন ক্রিকেটার যে হঠাৎ মাটি ফুঁড়ে উঠে আসেন না, তাঁরও থাকতে হয় শিকড়-বাকড়—এ কথা শচীন এবং শুভ্র আমাদের বারে বারে মনে করিয়ে দেন। শচীনের বিনয়, তাঁর সততা এবং নিষ্ঠা—এসব তো সবার জন্যই শিক্ষণীয়।
শচীন রূপকথা অবশ্য শুধু শচীনকে নিয়ে নয়, ক্রিকেটের আরও তিন বরপুত্র ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস ও ডন ব্র্যাডম্যানও আছেন তিন অধ্যায়জুড়ে। তাঁদের স্টাইল ছিল শচীন থেকে আলাদা, অর্জনের মহিমাও ছিল শচীনের মতোই। এঁদের মধ্যে তুলনা চলে, কিন্তু ছোট-বড় প্রভেদ টানাটা বোকামি। এ কথাটা শুভ্রও বলেছেন। ফলে শচীন রূপকথা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটেরই অন্তর্দর্শন। এবং এর লেখক একজন সংবেদী পর্যবেক্ষক, বিশ্লেষক এবং বর্ণনাকারী।
যাঁরা ক্রিকেট খেলেন, খেলতে চান অথবা নিছকই এক বিশাল প্রতিভাকে অন্তরঙ্গ আলোয় দেখতে চান, তাঁরা সবাই বইটা পড়লে উপকৃত হবেন।



শচীন রূপকথা
লেখক: উৎপল শুভ্র
প্রচ্ছদ: অশোক কর্মকার
প্রকাশক: প্রথমা
পৃষ্ঠা: ২৪৮
মূল্য: ৪০০ টাকা