
একবার শন পোলকের বলে নাস্তানাবুদ হচ্ছিলেন রিকি পন্টিং। বল হাতে বাঁকা হাসি হেসে পোলক বললেন, ‘তুমি ক্রিকেট বল চেনো তো? এটা লাল, গোলাকার, ওজন পাঁচ আউন্সের কাছাকাছি।’
পরের বলেই ছক্কা হাঁকালেন পন্টিং। পোলকের কাছে গিয়ে বললেন, ‘তুমি তো জানো বলটা দেখতে কেমন। যাও, খুঁজে নিয়ে এসো!’
‘তাঁর পা ছিল শরীর থেকে অনেক দূরে!’—রবি শাস্ত্রী
১৯৯১ সালে অ্যাডিলেড টেস্টে ব্যাটিং করছিলেন জাভেদ মিয়াদাঁদ। বোলার ছিলেন মার্ভ হিউজ। খেলার ফাঁকে হিউজকে ‘মোটু বাস কন্ডাক্টর’ বলে খ্যাপাচ্ছিলেন মিয়াদাঁদ। কিছুক্ষণ পরই হিউজের বলে আউট হয়ে মিয়াদাঁদ যখন প্যাভিলিয়নের পথ ধরলেন, মুচকি হেসে হিউজ বলেছিলেন, ‘টিকিট প্লিজ!’
স্টিভ ওয়াহ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ টেস্ট খেলতে নেমেছেন। ম্যাচটা ছিল ভারতের বিরুদ্ধে। স্টিভ ক্রিজে এসে দাঁড়াতেই পেছন থেকে পার্থিব প্যাটেল বললেন, ‘শেষবারের মতো আউট হওয়ার আগে তোমার বিখ্যাত স্লগ সুইপ খেলে নাও।’
জবাবে স্টিভ ওয়াহ বলেছিলেন, ‘সম্মান দেখিয়ে কথা বলো। আমি যখন আমার প্রথম টেস্ট খেলতে নামি, তুমি তখন ডায়াপার পরতে!’
ডব্লিউ জি গ্রেস একবার বোল্ড আউট হলেন। বিস্মিত হয়ে তিনি আম্পায়ারকে বলছিলেন, ‘বল উইকেটে লাগেনি, স্যার। বাতাসে বেল পড়ে গেছে।’
আম্পায়ার বললেন, ‘যে বাতাস বেল ফেলে দিতে পারে, আশা করি, সেই বাতাস আপনাকে প্যাভিলিয়নে পৌঁছে দিতেও সাহায্য করবে।’
সূত্র: ক্রিকেট কোটস