
আম্পায়ারকে বলছেন একজন খেলোয়াড়, ‘স্যার, আমি যদি মনে মনে বলি, আপনাকে একটা খারাপ কথা বলি—তাহলে কি আমার সাজা হবে?’
একটুখানি ভেবে নিয়ে আম্পায়ার বললেন, ‘না তো।’
খেলোয়াড়: ও। বাঁচলাম।
সংবাদ সম্মেলনে কথা বলছেন অধিনায়ক।
সাংবাদিক: আজকে আপনাদের পরিকল্পনা কী?
অধিনায়ক: যে করেই হোক, বিপক্ষ দলকে আজ আমরা ১০০ রান করতে দেব না।
সাংবাদিক: এত নিশ্চিত হচ্ছেন কী করে?
অধিনায়ক: কারণ, আমরা আজকে আগে ব্যাট করব এবং ১০০ রানের নিচে অলআউট হয়ে যাব।
দুই মাতাল গ্যালারিতে বসে ক্রিকেট ম্যাচ দেখছে।
এমন সময় ব্যাটসম্যান ছক্কা হাঁকালেন।
১ম মাতাল: ওহ! কী দারুণ একটা গোল দিল!
২য় মাতাল: আরে বুদ্ধু, গোল কি এই খেলায় হয় নাকি? গোল তো হয় ক্রিকেট খেলায়!
বারবার খারাপ খেলে ভীষণ মুষড়ে পড়েছে একজন ব্যাটসম্যান। ক্লাব কর্মকর্তা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন।
কর্মকর্তা: তুমি যখনই ব্যাট করতে নামো, আমি অবাক হয়ে তোমাকে দেখি। বিশ্বাস করো!
খেলোয়াড়: জানি। আপনি নিশ্চয়ই ভাবেন, আমি কেমন করে খেলি।
কর্মকর্তা: না। আমি ভাবি, তুমি ‘কেন’ খেলো?

ব্যাটসম্যান বলছে বোলারকে, ‘একটা সাহায্য করবে প্লিজ? দর্শক সারিতে বসে থাকা একজনের সঙ্গে আমি বাজি ধরেছি, তোমার বলে আমি ছক্কা মারব। আমাকে একটা সহজ বল করো, যেন আমি বাজিতে জিততে পারি।’
বোলার কথামতো একটা সহজ বল করল। ব্যাটসম্যানও ছক্কা হাঁকাল।
এদিকে ব্যাট ঘুরিয়েই প্যাভিলিয়নের দিকে ছুটছে ব্যাটসম্যান। বোলার বলল, ‘তুমি তো আউট হওনি। তাহলে প্যাভিলিয়নের দিকে যাচ্ছ কেন?’
ব্যাটসম্যান: যে ব্যাটার সঙ্গে বাজি ধরেছিলাম, আগে তার কাছ থেকে টাকাটা বুঝে নিই!
একের পর এক প্রচণ্ড গতির বলে ধরাশায়ী হচ্ছিলেন ব্যাটসম্যান, সর্দারজি। একটা বল বেচারার মুখে লাগে, তো আরেকটা লাগে বুকে। একটা মাথায়, আরেকটা পেটে। মার খেয়ে খেয়ে একসময় কোনোমতে আউট হয়ে জান বাঁচালেন তিনি।
খেলা শেষে সর্দারজিকে দেখা গেল, পিচের ওপর দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কী যেন পর্যবেক্ষণ করছেন।
গ্রাউন্ডসম্যান বললেন, ‘বাহ! সর্দারজি এখনই পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন?’
‘আরে ধুত্তুরি। তা না। আমি আমার দাঁতটা খুঁজছি।’ সর্দারজির জবাব।
গুরুত্বপূর্ণ একটি ম্যাচের আগে একজন ক্রিকেটারকে তাঁর রুমে ডেকে নিলেন অধিনায়ক। বললেন, ‘তুমি তো জানো, আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে। যে করেই হোক, পরের ম্যাচে বিজয় আমাদের চাই। তাই আমাদের এমন একজনকে দরকার, যার আছে দৃঢ় মনোবল। কঠিন সময়ও যে ভেঙে পড়ে না। শক্ত মন নিয়ে যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারে। আমার বিশ্বাস, তুমিই সেই লোক। ইয়ে মানে...আগামী ম্যাচটা তুমি খেলছ না।’
সংগ্রহ: মো. সাইফুল্লাহ