ক্রিকেটার মডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটার হিসেবেই শুধু সেরা নন সাকিব আল হাসান। বিজ্ঞাপনের মডেলেও তিনি জনপ্রিয়। ছবি: কবির হোসেন
ক্রিকেটার হিসেবেই শুধু সেরা নন সাকিব আল হাসান। বিজ্ঞাপনের মডেলেও তিনি জনপ্রিয়। ছবি: কবির হোসেন

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চার-ছক্কায় হইহই করে মাঠ দাপাচ্ছেন তাঁরা। তবে মাঠের বাইরেও ক্রিকেটাররা কম যান না। রীতিমতো টক্কর দিচ্ছেন তাঁরা মডেল, অভিনয়শিল্পীদের সঙ্গে। নানা পণ্যের দূত হিসেবেও কাজ করছেন তাঁরা।

স্টাইলেও বুম বুম আফ্রিদি
স্টাইলেও বুম বুম আফ্রিদি
কেবল বিজ্ঞাপন থেকেই ধোনির আয় আকাশছোঁয়া
কেবল বিজ্ঞাপন থেকেই ধোনির আয় আকাশছোঁয়া

ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তাঁর বেশ ভালো সম্পর্ক। ক্রিস গেইলের সঙ্গেও। তাই বলে সাকিব আল হাসান যেন মুখ ফসকে ‘গোপন তথ্য’টা ফাঁস করে না দেন। পিটিয়ে বলের সুতা খুলে ফেলতে ওস্তাদ এই দুই দানব ব্যাটসম্যান যদি একবার টের পেয়ে যান টিফিন বিস্কুট খেলে ছক্কা হাঁকানো যায়, তাহলেই তো বিপদ!
না, স্রেফ মজা করা হলো এতক্ষণ। তবে এই কথায় কোনো রসিকতা নেই, শুধু ক্রিকেটার হিসেবে নন, সাকিব এখন বাংলাদেশের কোনো পণ্যের দূত হিসেবে সবচেয়ে বড় বিজ্ঞাপনও। পেপসি, লাইফবয় সাবান, বুস্ট, ফ্যাশন হাউস লা রিভ, বাংলালিংকসহ বেশ কিছু পণ্যের দূত হিসেবে কাজ করছেন সাকিব। আর গ্রামীণফোনের শুভেচ্ছাদূত হয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও নাসির হোসেন। সম্প্রতি মাশরাফি করলেন কুল শেভিং ক্রিমের বিজ্ঞাপন।
তামিম ইকবালকে দেখা গেছে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের বিজ্ঞাপনে ‘অটোগ্রাফ নয়, ফটোগ্রাফের যুগ’, এমন মন্ত্র প্রচার করতে। তাঁর আরও দাবি, সেঞ্চুরি হাঁকাতে হলে খেতে হবে ডানো। তামিম পেপসির পণ্যদূত হিসেবে কাজ করেছেন, মাশরাফি বিন মুর্তজাও।

তামিমের অটোগ্রাফ ফটোগ্রাফ দুই-ই চাই ভক্তদের
তামিমের অটোগ্রাফ ফটোগ্রাফ দুই-ই চাই ভক্তদের

নাসির হোসনকে দেখা যায় গ্ল্যাকসোজের বিজ্ঞাপনে। মুশফিক ‘মাই ওয়ান’-এর পণ্যদূত। আলুজ নামের একটি চিপসের বিজ্ঞাপন করেছেন মাহমুদউল্লাহ। ক্রিকেটারদের বিজ্ঞাপনে হাজির করানোর ব্যাপারে সবচেয়ে এগিয়ে আছে ভারত। কেবল বিজ্ঞাপন থেকে ধোনি দুই কোটি ৩০ লাখ ডলার আয় করেন বলে জানাচ্ছে ফোর্বস। রিবক, পেপসি, সনির পণ্যদূত হিসেবে কাজ করেন ধোনি।

অজি ক্রিকেটারদের মধ্যে পণ্যের দূত হিসেবে শেন ওয়াটসনই এগিয়ে
অজি ক্রিকেটারদের মধ্যে পণ্যের দূত হিসেবে শেন ওয়াটসনই এগিয়ে

তবে এই মুহূর্তে ভারতে বিজ্ঞাপনে সবচেয়ে বেশি চাহিদা বিরাট কোহলির। ভারতীয় চ্যানেলে চ্যানেলে তাঁর বিজ্ঞাপন। শুধু তা-ই নয়, ক্লিয়ার শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়েই তো কোহলি আর আনুশকা শর্মার প্রেমের গুঞ্জন।
অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে শেন ওয়াটসন সবচেয়ে বেশি আয় করেন। ক্রিকেট সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান গান অ্যান মুরের দূত তিনি। টাগ হয়্যার ঘড়ি দেখেও সময় মেপে চলেন। অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক স্পার্টান স্পোর্টস, জিলেট, বন্ডসের দূত হিসেবে কাজ করেন।
বলাবাহুল্য, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শহীদ আফ্রিদি। পেপসির দূত হিসেবে কাজ তো করছেনই, হাজমোলা খেয়ে নাকি সব হজমও করে ফেলেন এই অলরাউন্ডার।
গেইল-ম্যাককালামদের যেমন টিফিন বিস্কুটের খবর দেওয়া যাবে না, তেমনি আফ্রিদিকে কুপোকাত করতে বারবার খাওয়াতে হবে হাজমোলা, যেন মাঠে নামতেই পেটে ছুঁচোর দৌড় শুরু হয়ে যায় তাঁর!
রাজীব হাসান

নাসির স্টাইলিশ ক্যাজুয়াল পোশাকেই, মাঠের বাইরেও কম যান না মুশফিকুর রহিম, ব্রেন্ডন ম্যাককালামের ট্যাটুর নকশাও নজরকাড়া, পণ্যের বিজ্ঞাপন, নাকি প্রেম—বিরাট কোহলি আর আনুশকা শর্মার ভক্তরা দ্বন্দ্বেই আছেন
নাসির স্টাইলিশ ক্যাজুয়াল পোশাকেই, মাঠের বাইরেও কম যান না মুশফিকুর রহিম, ব্রেন্ডন ম্যাককালামের ট্যাটুর নকশাও নজরকাড়া, পণ্যের বিজ্ঞাপন, নাকি প্রেম—বিরাট কোহলি আর আনুশকা শর্মার ভক্তরা দ্বন্দ্বেই আছেন