ক্রিকেটাররা যাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাব্যঞ্জক। বিসিবি সভাপতি তো বলেই দিয়েছেন, দরকার হলে টি-টোয়েন্টির জন্য নতুন কোচ নিয়োগ দেওয়া হতে পারে। কিন্তু রস+আলো গবেষণা করে দেখেছে, বাইরের কোচ নয়, দেশেই আছে সমাধান!
ব্যাটিং কোচ
রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর সদস্যরা হতে পারে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ। বিভিন্ন সময়ে নানা কারণে ছাত্রসংগঠনের সদস্যরা একে অপরকে পিটিয়ে একদম ‘সাইজ’ করে দিতে সিদ্ধহস্ত। ধোলাই কত প্রকার ও কী কী এবং তার সঠিক প্রয়োগ সম্পর্কে তারা দারুণ অভিজ্ঞ। দরকার হলে ক্রিকেটারদের এসব ছাত্রসংগঠনে যোগ দেওয়ার অনুমতিও দেওয়া যেতে পারে।
ফিল্ডিং কোচ
প্রেমিকেরাই এ পদের জন্য এগিয়ে থাকবে। দিনের পর দিন, একদম আমের কষের মতো লেগে থাকার ধৈর্য আছে কেবল তাদেরই। রোদ-বৃষ্টি-খরা—যা-ই হোক না কেন পাড়ার সুন্দরী তরুণীর দৃষ্টি আকর্ষণের জন্য এরা মরিয়া। সামান্যতম সুযোগ পেলেই এরা নিজেদের প্রতিভার জানান দিতে সদা প্রস্তুত।
এ ছাড়া ‘মুখের কথা মাটিতে পড়তে দেন না’ এমন ঝগড়াটে পুরুষ বা রমণীরাও হতে পারেন ক্রিকেটারদের ফিল্ডিং কোচ। ক্রিকেটাররা তাদের কাছে শিখতে পারবেন কী করে ব্যাটসম্যানের দেওয়া ক্যাচ মাটিতে পড়ার আগেই ধরে ফেলতে হয়।
বোলিং কোচ
দেশে এখন হরতাল-অবরোধ নেই। ফলে ঘরে বসে বেকার জীবন যাপন করছে পিকেটাররা। অথচ অসম্ভব প্রতিভাবান এসব মানুষই পারে ক্রিকেটারদের বোলিং কোচ হতে। তারা যেভাবে যানবাহন লক্ষ্য করে ককটেল-পেট্রল বোমা ছুড়ে মারে সেভাবে যদি ক্রিকেটাররা বল ছুড়ে মারেন, তাহলেই তো কার্যসিদ্ধি! তাই নিখুঁত নিশানা, আকাশছোঁয়া আত্মবিশ্বাস ও অব্যর্থ আঘাতের প্রশিক্ষক হিসেবে পিকেটাররাই অপ্রতিদ্বন্দ্বী।
ধৈর্যের কোচ
ক্রিকেট কেবল শারীরিক খেলা নয়, মানসিক খেলাও বটে। আমাদের ক্রিকেটারদের ধৈর্যচ্যুতি ঘটছে প্রায় প্রতিটি ম্যাচেই। তাই এ ক্ষেত্রে তাঁদের জন্য কোচ হতে পারি আমরা অর্থাৎ বাংলাদেশ দলের অন্ধ ভক্তরা! বিশেষ করে যারা হেরে যাওয়া ম্যাচেও একদম শেষ পর্যন্ত মাঠে বসে ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে চিৎকার করি। অসীম ধৈর্য না থাকলে বেদনাবিধুর ম্যাচগুলোর পুরোটা সময় আমরা মাঠে থাকতাম কী করে?