ক্রিকেটে স্টাম্প ক্যামেরা কাজ করে কীভাবে

শট বিশ্লেষণের পাশাপাশি টিভি সম্প্রচারের জন্যও গুরুত্বপূর্ণ স্টাম্প ক্যামেরাএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে স্টাম্প ক্যামেরার চল নতুন নয়। গত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে বিবিসি প্রথম মাঝের স্টাম্পে হিটাচি কেপি-ডি৮এস মডেলের খুদে ক্যামেরা যুক্ত করে। এখন বেশির ভাগ গুরুত্বপূর্ণ ম্যাচে এর ব্যবহার দেখা যায়।

স্টাম্প ক্যামেরায় মূলত পিচ এবং ব্যাটসম্যানের ‘অ্যাকশন’ ধারণ করা হয়। শট বিশ্লেষণের পাশাপাশি টিভি সম্প্রচারের জন্যও গুরুত্বপূর্ণ, ভিন্ন কোণ থেকে দেখার সুযোগ পান দর্শকেরা। তবে স্টাম্পে যুক্ত খুদে ক্যামেরার ভিডিও টিভিতে সরাসরি দেখানো হয় কীভাবে?

স্টাম্প ক্যামেরায় ভিন্ন কোণ থেকে দেখার সুযোগ পান দর্শকেরা

তারহীন ইন্টারনেটের এ যুগে এমন প্রশ্ন ঠিক জুতসই নয়। তবে গুগল করে যত দূর জানা গেল, তাতে তারহীন প্রযুক্তির স্টাম্প ক্যামেরার ব্যবহার এখনো শুরু হয়নি। খুদে ক্যামেরাটি কীভাবে কাজ করে, তার ব্যাখ্যা ফক্স ক্রিকেটের একটি ভিডিওতে পাওয়া যায়।

ক্যামেরা যে স্টাম্পে থাকে, সেটি থেকে একটি তার বেরিয়ে খানিকটা পেছনে মাটির নিচে থাকা ‘জংশন বাক্সে’ যুক্ত করা হয়। সংযোগের তারও থাকে মাটির নিচে। ওই জংশন বাক্স যুক্ত থাকে টিভি সম্প্রচারব্যবস্থার সঙ্গে। এই হলো ব্যাপার।

আগে শুধু স্টাম্পের একদিকে ক্যামেরা থাকত, এখন দুই দিকেই থাকে। এতে উইকেটকিপারের পাশাপাশি উইকেট থেকে বলার দৌড়ে আসার ভিডিও দেখানো সম্ভব হয় টিভিতে। স্টাম্পিং, রানআউট, এলবিডব্লু, কখনো কখনো ক্যাচের বৈধতার সমাধানও দেওয়া হয় স্টাম্প ক্যামেরার ভিডিও দেখে।

ক্যামেরা যে স্টাম্পে থাকে, সেটি থেকে একটি তার বেরিয়ে খানিকটা পেছনে মাটির নিচে থাকা ‘জংশন বাক্সে’ যুক্ত করা হয়
ফক্স ক্রিকেট

বলের আঘাতে স্টাম্প ভাঙে না কেন

আরেকটি প্রশ্ন হলো, স্টাম্পে সরাসরি বল লাগলেও ক্যামেরা ভাঙে না কেন? স্টাম্প ক্যামেরা ভাঙা অসম্ভব নয়। আবার একদম সহজও নয়। প্রথমত, বল সরাসরি ক্যামেরায় লাগে না। শক্তপোক্ত স্টাম্প ভাঙলে তবেই আসে ক্যামেরা ভাঙার প্রশ্ন। তা ছাড়া ক্যামেরা স্টাম্পের সঙ্গে শক্ত করে যুক্ত থাকে না। বল স্টাম্পে আঘাত করার সময় ক্যামেরা খানিকটা পিছিয়ে যায়। এতে বলের আঘাতের ইমপ্যাক্ট কিছুটা হলেও কমে। এ কারণেই ক্রিকেটে ক্যাচ ধরার সময় আমরা হাত খানিকটা পিছিয়ে আনি।

আর ক্যামেরা ভাঙলেই বা কী? প্রশ্নোত্তরভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম কোরায় একজন লিখেছেন, এত টাকা খরচ করে যেখানে খেলা আয়োজন করা হচ্ছে, সেখানে এমন ক্যামেরা ভাঙলে যে খুব ক্ষতি হবে, ব্যাপারটা তো তা-ও না।