ক্রিকেটের গান গাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

পৃথিবীটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। নিজের সাম্প্রতিক প্রেমের ঘটনাগুলোর দিকে তাকালে কথাটির যথার্থতা অনুধাবন করেন জালাল ভাই। তিনি ছোট জিনিস পছন্দ করেন না। তাঁর আগ্রহ সব দীর্ঘ আর বড় বিষয়-আশয়ে। এ কারণেই টেস্ট ক্রিকেট তাঁর বিশেষ পছন্দের। সাম্প্রতিক সময়ের টি-টোয়েন্টি ক্রিকেটের আদিখ্যেতা তাঁকে খুব কষ্ট দেয়। শেষ প্রেমটায় তিনি প্রেমিকাকে বলেছিলেন, ‘দেখো, আমার কিন্তু টেস্ট ক্রিকেট পছন্দ, টি-টোয়েন্টি না।’
: ও মা! কেন? টি-টোয়েন্টি কত সুইট একটা খেলা!
প্রেমিকার এই কথা শুনেই জালাল ভাইয়ের মনে হয়েছিল, প্রেমটা এক্ষুনিই ভেঙে দিই। কিন্তু ভেঙে দিলে সেটা টি-টোয়েন্টি হয়ে যেত বলে ভাঙেননি। প্রেমিকাকে তিনি বুঝিয়েছিলেন, ‘দেখো, আমাদের প্রেমটাও টেস্ট ম্যাচ হবে। টেস্ট প্লেয়াররা টেস্ট থেকে অবসর নিয়ে কমেন্টেটর হয়ে যায়। আমরা টেস্ট থেকে অবসর নিয়ে স্বামী-স্ত্রী হয়ে যাব।’
: ও মাগো! কী সুইট! ওকে, আমরা টেস্ট খেলব।
কিন্তু জালাল ভাইয়ের কপালে বেশি দিন টেস্ট সইল না। প্রেমিকা সোজা জানিয়ে দিলেন, তিনি আর টেস্ট খেলবেন না।
: তোমাকে না বলছি, টি-টোয়েন্টি আমি পছন্দ করি না? তুমি টেস্ট বইলা আমার সাথে টি-টোয়েন্টি খেলতে পারো না।
: পাঁচ দিনের টেস্ট দুই দিনে ইনিংস ব্যবধানে হারলে সেটা কি আমার দোষ?
সাবেক সেই প্রেমিকার যুক্তির পিঠে কোনো উত্তর দিতে পারেননি জালাল ভাই। উল্টো নিজেকে র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলের মতো মনে হয়েছে নিজেকে।
সেই থেকে শুরু। জালাল ভাই ঘোষণা দিয়ে দিলেন, হয় পৃথিবীতে টি-টোয়েন্টি থাকবে, নইলে জালাল। এলাকায় গঠিত হলো টেস্ট সাপোর্টার্স ক্লাব। তারপর টি-টোয়েন্টি বর্জনের ডাক দিয়ে একটি সেমিনারের আয়োজনও করা হলো। যেখানে প্রধান অতিথি এলাকার কমিশনার বিশিষ্ট টেস্টপ্রেমী মোখলেস ভাই। সেমিনারের সময় বয়ে যায় কিন্তু মোখলেস ভাই আর আসেন না। এদিকে উপস্থিত জনতাকে চা-নাশতা খাওয়াতে খাওয়াতে যে পরিমাণ টাকা শেষ হলো, সেই টাকার সঙ্গে আর সামান্য কিছু যোগ করলে জালাল ভাই বিপিএলে একটা দল কিনে ফেলতে পারতেন। তবে একসময় মোখলেস ভাই এলেন।
তাঁকে দেখে জালাল ভাইয়ের প্রশ্ন, ‘দেরি করলেন কেন, মোখলেস ভাই?’
: আর বইল না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হইছে, খেলা রেখে ক্যামনে আসি!
একসময় মোখলেস ভাই মঞ্চে উঠে গুরুত্বপূর্ণ বক্তব্য শুরু করলেন, ‘ভাইয়েরা আমার, আজ এই দুঃখের দিনে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন, বেনিয়ারা আজ আমাদের সব শেষ করে দিচ্ছে। এই সমাজ, এই সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে টি-টোয়েন্টির মতো ভয়ানক মাদকে...’
এটুকু বলার পর মোখলেস ভাইয়ের ফোন বেজে উঠল। রিসিভ করে কথা শুরু করলেন, ‘কী কও? ২২ বলে ১২ রান লাগে? কী মনে হয় জিতব? খাড়াও খাড়াও, আইতাছি!’
কথা শেষ করে মোখলেস ভাই চলে গেলেন।
জালাল ভাই প্রচণ্ড হতাশ হয়ে পড়লেন। তবে হতাশা কাটল এক সাংবাদিকের আগমনে। তিনি জালাল ভাইয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানেন এবং তাঁর সাক্ষাত্কার নিতে চান। দীর্ঘ সাক্ষাত্কার নিলেন। পুরোটা ছাপলে এক পৃষ্ঠা লাগবে। সাক্ষাত্কার দিয়ে জালাল ভাই নতুন উদ্যমে উত্তেজিত। যার সঙ্গেই দেখা হয়, সাক্ষাত্কারের খবর বলেন। পত্রিকায় চোখ রাখতে বলেন। একটু সময় নিয়ে পড়তে বসারও পরামর্শ দেন। বড় সাক্ষাত্কার, পড়তে তো একটু বেশি সময় লাগবেই।
অবশেষে এল সেই দিন। তুমুল উত্তেজনায় পত্রিকা খুলে জালাল ভাই দেখলেন, ভেতরের পৃষ্ঠার এক কোনায় ছোট্ট করে তাঁর সাক্ষাত্কার ছাপা হয়েছে।
সাংবাদিক: আপনার নাম কী?
জালাল ভাই: জালালুর রহমান।
সাংবাদিক: আপনি এখন কী করছেন?
জালাল: আমি এখন টেস্ট ক্রিকেট বাঁচানোর আন্দোলন করছি।
টেস্ট সাক্ষাত্কারটা টি-টোয়েন্টিতে পরিণত হওয়ায় ভীষণ কষ্ট পেলেন জালাল ভাই। এলাকায় ইতিমধ্যে তাঁকে নিয়ে হাসি-তামাশা শুরু হয়েছে। তিনি রাস্তায় হাঁটার সময় হাঁটুর বয়সী ছেলেরাও চিত্কার করে গান গায়, ‘একখান টেস্ট মাইরা দিছে ছাইড়া, জনম ধইরা চলতে আছে...’
এর মধ্যে জালাল ভাইয়ের আরেকটা প্রেম হয়ে গেল। এবার তিনি প্রথম থেকেই সচেতন। টি-টোয়েন্টির লোভে অনেক ক্রিকেটারই টেস্ট থেকে অবসর নেয়। তাদের মতো নতুন প্রেমিকাকেও সেই লোভের চোরাবালিতে পা দেওয়ার ব্যাপারে জালাল ভাই সতর্ক।
: শোনো, নো টি-টোয়েন্টি রিলেশনশিপ। রিলেশনশিপ হতে হবে দ্রাবিড়ের ইনিংসের মতো। ধৈর্য, ক্লাস এবং অপরাজিত।
: জি, আচ্ছা।
প্রেম ভালোই চলছিল, কিন্তু জালাল ভাইয়ের প্রেমিকা হুট করে একদিন চেহারা বদলে ফেললেন। প্রেমিকারা যেমন প্রেম হওয়ার পর প্রেমিকদের বাজে অভ্যাস ছাড়ার জন্য আলটিমেটাম দেওয়া শুরু করে, জালাল ভাইকেও সে রকম দেওয়া হলো। এক সপ্তাহের মধ্যে টেস্ট আন্দোলনে ইস্তফা না দিলে প্রেম থাকবে না!
জালাল ভাই পাগলপ্রায়। একটি টেস্ট প্রেমের জন্য টেস্ট ক্রিকেট আন্দোলন বাদ! এমন মস্ত বড় ঝামেলা নিয়ে নানা শ্রেণির মানুষের সঙ্গে কয়েক দিন কথা বললেন তিনি। কোনো লাভ হলো না।
এদিকে টেস্ট ক্রিকেট বাঁচাও আন্দোলনের কর্মীরাও ক্ষুব্ধ-হতাশ। তবে সবাই মাথায় হাত দিল সেদিন, যেদিন জালাল ভাইকে জনতা হাতেনাতে ধরে ফেলল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখা অবস্থায়। কেন টেস্ট বাঁচাও আন্দোলন করেও টি-টোয়েন্টি দেখছেন?—এই প্রশ্নের জবাবে জালাল ভাই চার লাইনের একটা কবিতা আবৃত্তি করে শোনালেন, ‘সাম্যের গান গাই/ আমার চক্ষে টেস্ট-টি-টোয়েন্টি কোনো ভেদাভেদ নাই/ বিশ্ব ক্রিকেটে যা কিছু মহান, সবচেয়ে বেস্ট/ অর্ধেক তার করিয়াছে টি-টোয়েন্টি, বাকি অর্ধেক টেস্ট!’