
এই নিয়ে তিনবার আয়নায় নিজেকে দেখে নিয়েছে। গায়ের এটা-ওটা ছুঁয়ে ছুঁয়ে দেখছে। দেখা শেষে আয়নার সামনে থেকে সরে দাঁড়াচ্ছে, কয়েক সেকেন্ড পর আবারও দেখছে। আমি বিরক্তিতে নাক-মুখ কুঁচকে তাকিয়ে আছি ওর দিকে। এতবার নিজেকে দেখার কী আছে? বাঙালি আর দশটা মেয়ের মতো শাড়ি-চুড়ির বিয়ে তো আর হচ্ছে না। কী একটা গাউন গায়ে জড়িয়ে হেলেদুলে হেঁটে বেড়ানোর বিয়ে।
আমাকে কেমন দেখাচ্ছে বল তো?
জঘন্য।
আরে দূর, বল না?
আমার মুখে ব্যথা, কথা বলতে পারছি না।
মিথ্যুক।
বলতে আমার পিত্তি জ্বলে ছাই হওয়ার জোগাড়, কিন্তু আসলেই ওকে ভালো দেখাচ্ছে। ভীষণ ভালো।
ক্রিস্টিনা মার্গারেট হার্নি, কলেজজীবনের ভালোবাসা। প্রায় সাত-আট বছর ধরে নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। সুখ-দুঃখের সেই সকাল, দুপুর আর সন্ধ্যাটা মায়ায় নীল করে দেওয়ার মানুষ। ওর বিয়ের খবরটা শুনে আমি অনেক ভেবেছি, অনেক। আমার কাছে শরৎ মানে পেঁজা মেঘের মতো কাশবন, না এই মেয়ের সঙ্গে কাটানো দুর্দান্ত একটা দিন? আমি মনে হয় আর কোনো দিন চারুকলায় পা ফেলতাম না, যদি সেই বিকেলে ও জোর করে আমাকে চারুকলায় না ঢোকাত। আমি হয়তো এখনো সেই দুঃখ নিয়েই বসে থাকতাম, যদি পুরো ঘটনাকে একটা হাস্যকর জায়গায় ও না রাখত...
বর এসেছে। আমাকে স্বাগত জানাতে ডাকতে এসেছে মুক্তা আর প্রিস্টলি। হুট করে মনে হলো, এ দুটোকেও কষে একটা চড় দিই। গলায় গলায় বন্ধুত্ব আমাদের। স্বভাবচরিত্র একই রকম হওয়ার কথা। দেখা যাবে বছর না ফুরোতেই এরাও বিয়ের জন্য রাজি হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালাম। ঘর থেকে বের হওয়ার আগে ক্রিস্টিনা আমার ওড়না টেনে ধরেছে। ঘুরে দাঁড়াতেই জড়িয়ে ধরে কাজল নষ্ট করার সব রকম চেষ্টা করতে শুরু করল।
তুই বন্ধু মানে জানিস?
বোন মানে জানি।
হারামি মানে জানিস?
না, তবে আয়নায় নিজেকে দেখে ভালোই লাগছে।

আমি হেসে ফেললাম। আমার আর ক্রিস্টিনার পরিচয়টা ছিল হলি ক্রস কলেজে। ওই কলেজের ইট-বালু-ধুলা পর্যন্ত আমরা ভালোবাসি। যখন পড়তাম, নিজেকে গিনিপিগ মনে হতো। আজ এখানে দাঁড়িয়ে বুঝতে পারি কী দিয়েছে সে আমাদের। সিস্টারদের চাপ, নিয়মনীতি, টিচারদের ক্লাস, পরীক্ষা, ভদ্র-সৎ হওয়ার ট্রেনিং—এসব কিছুর বাইরে জীবনে যা কিছু পেয়েছিলাম সেটা বন্ধুত্ব। আমাদের ছয়জনের সার্কেলের বারবার ছিটকে পড়ে যাওয়া আমাকে টেনে তুলেছে এরাই।
ডিয়ার ক্রিস্টিনা, তোকে বিয়ের শুভকামনা। দাঁত ক্যালাস না, আমারটা মন থেকে দিইনি। লোক দেখানো শুভকামনা দিয়েছি। আমার বন্ধু পর হয়ে যাবে, আর আমি তাতে দাঁড়িয়ে আনন্দ নেব, আমাকে ভালো মানুষ ভাবছিস নাকি তুই? তোর জন্য ভালোবাসার বাইরে কিচ্ছু নেই। হুহ!!!
লিনা দিলরুবা শারমিন
পরিসংখ্যান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।