ক্রিয়েটিভ কমন্সের ফেলোশিপ পেলেন নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির খান
নাসির খান

মুক্ত সফটওয়্যার ও অন্যান্য বিষয়ের সবচেয়ে বেশি ব্যবহৃত লাইসেন্স ক্রিয়েটিভ কমন্সের (সিসি) ‘ইনস্টিটিউট ফর ওপেন লিডারশিপ (আইওএল)’ ফেলোশিপ পেয়েছেন বাংলাদেশের নাসির খান। তিনি সিসি বাংলাদেশের প্রধান (লিড)। সম্প্রতি চলতি বছরে সারা বিশ্ব থেকে ফেলোশিপ পাওয়া ১৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ থেকে এর আগে আর কেউ এ ফেলোশিপ পাননি।
চলতি বছরের ফেলোরা আগামী বছরের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণে অংশ নেবেন। ওপেন সায়েন্স, ওপেন এডুকেশন, ওপেন গভর্নমেন্ট, ওপেন নলেজ, ওপেন ডেটা, ওপেন কালচার, ওপেন রিসার্চ ইত্যাদি বিষয়ে নানা কার্যক্রম থাকবে তাঁদের জন্য। পুরো কার্যক্রমই পরিচালিত হবে সিসি লাইসেন্সের আওতায়। ফেলোশিপ চলাকালে ফেলোরা যা যা শিখবেন, সেসব বিষয় নিয়ে নিজ নিজ দেশে কাজ করবেন।
নাসির খান গতকাল বুধবার প্রথম আলোকে জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ ফেলোশিপের জন্য আবেদন জমা পড়ে। এরপর ফেলোশিপের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ফেলোরা নিজেদের মধ্যে মতবিনিময়ের পাশাপাশি প্রশিক্ষণ শেষে নিজ নিজ দেশে কাজ করবেন। এ ফেলোশিপের আওতায় সিসি লাইসেন্সের ব্যবহার বাড়ানো এবং ওপেন পলিসি নিয়ে সরকারি এবং বেসরকারিভাবে কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি।
মূলত সিসি এবং ওপেন পলিসি নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফেলোশিপে নতুন নেতৃত্ব তৈরির ব্যাপারে ফেলোদের প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে শিক্ষা, বিজ্ঞান, উন্মুক্ত ডেটা, লাইসেন্স, নীতিমালা ইত্যাদি বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় ফেলোদের।