ক্রোম ওএস এর ভবিষ্যৎ কোন পথে?

ক্রোম অপারেটিং সিস্টেমকে (ওএস) বিদায় জানাবে না গুগল। ক্রোম ওএস প্রকল্পের প্রধান হিরোশি লকহেইমার বলেছেন, এখনই ক্রোম অপারেটিং সিস্টেমকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা তাঁদের নেই।
সম্প্রতি গুগলের এই অপারেটিং সিস্টেমকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত করে ফেলার খবর প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। হিরোশি লকহেইমার বলেন, অ্যান্ড্রয়েডের সঙ্গে যদি এক করে ফেলাও হয় তবু ক্রোম অপারেটিং সিস্টেম থাকবে।
গুগলের সাশ্রয়ী দামের ক্রোমবুক ল্যাপটপগুলোতে ক্রোম ওএস ব্যবহৃত হয়। গুগলের অভ্যন্তরীণ সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল ক্রোম ওএসের সঙ্গে অ্যান্ড্রয়েড যুক্ত করার খবর প্রকাশ করলে ক্রোম ওএসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলের প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে লকহেইমার বলেছেন, ক্রোম ওএস থাকছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, গত বছরে ল্যাপটপ বাজারে মাত্র তিন শতাংশ দখল করতে পেরেছিল গুগলের এই অপারেটিং সিস্টেম। এটি যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করে গুগল। গুগলের দাবি, যুক্তরাষ্ট্রের বিদ্যালয়গুলোতে প্রতিদিন ৩০ হাজার নতুন ক্রোমবুক সক্রিয় হয়।
ক্রোম ওএসের ভবিষ্যৎ সম্পর্কে লকহেইমার বলেন, ক্রোম ওএস নিয়ে আরও অনেক কিছু করার আছে। ক্রোমের জন্য নতুন একটি মিডিয়া প্লেয়ার উন্মুক্ত করবে গুগল। এ ছাড়াও নকশার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসবে।
গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে বলেই দাবি করেনে ক্রোম বিভাগের প্রধান এই কর্মকর্তা।