ক্লাউড কম্পিউটিং সেন্টার তৈরি করছে বাইদু
ইন্টারনেট সার্চ ব্যবসার ক্ষেত্রে চীনের বৃহত্তম প্রতিষ্ঠান বাইদু ইনকরপোরেশন ক্লাউড কম্পিউটিং সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে। ১০৬ কোটি ডলার ব্যয়ে ইন্টারনেটভিত্তিক এই তথ্য সংরক্ষণাগার তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন বাইদুর অর্থ বিষয়ক প্রধান কর্মকর্তা জেনিফার লি। ৩ সেপ্টেম্বর ক্লাউড কম্পিউটিং সেন্টার তৈরির ঘোষণা দেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।৩ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে বাইদু টেকনোলজি ইনোভেশন কনফারেন্স। এ অনুষ্ঠানে বাইদুর সহ প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী রবিন লি বাইদু মোবাইল ব্রাউজারের ঘোষণা দিয়েছেন। প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, চীনে ইন্টারনেট সার্চ ব্যবসার পাশাপাশি মোবাইল ইন্টারনেট ব্রাউজার তৈরি করেছে বাইদু যা বর্তমানে বাজারে থাকা অন্যান্য মোবাইল ব্রাউজারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে। মোবাইল ব্যবসা উন্নয়নে ক্লাউড কম্পিউটিং বিষয়ে বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।