ক্লাউড কম্পিউটিংয়ে যোগ দিচ্ছে এইচপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি) এবার ক্লাউড কম্পিউটিংয়ের (অনলাইন সার্ভিস) বাজারে যোগ দিতে যাচ্ছে। এইচপির প্রধান নির্বাহী লিও অ্যাপোথেকার জানিয়েছেন, এইচপি তার নিজস্ব ইন্টারনেট সার্ভিসের উন্নয়ন ঘটাতে যাচ্ছে। পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি অ্যাপ্লিকেশন স্টোরও খুলতে যাচ্ছে।কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলতে গিয়ে অ্যাপোথেকার ঘোষণা দেন, আগামী জুন মাসের মধ্যেই তাঁরা বাজারে টাচপ্যাড আনবেন। ফলে ট্যাবলেট পিসির দুনিয়াতেও এইচপির একটি অবস্থান তৈরি হবে। জানা গেছে, অ্যাপলের আইপ্যাডকে টেক্কা দিতেই এইচপির এই পরিকল্পনা।উল্লেখ্য, ক্লাউড কম্পিউটিং হচ্ছে সুবিধামতো চাহিদানুযায়ী সার্ভার, স্টোরেজ, অ্যাপ্লিকেশনসহ আরও বিভিন্ন সিস্টেমের সঙ্গে সমন্বয় সাধন করে নেটওয়ার্কের দ্রুত সরবরাহ নিশ্চিত করা।প্রযুক্তি বিশেষজ্ঞরা অবশ্য এইচপির এই অনলাইন সেবার উদ্যোগকে দেখছেন অন্যভাবে। তাঁদের মতে, ‘টেকজায়ান্ট’ অ্যাপল ও আইবিএমের সঙ্গে প্রতিযোগিতা করতেই এইচপি অনলাইন সার্ভিসের বাজারে যোগ দিতে যাচ্ছে। ক্লাউড কম্পিউটিং অর্থাত্ অনলাইন সার্ভিসের বাজারে একচেটিয়া অ্যাপল এবং আইবিএম বেশ ভালো জায়গা দখল করে আছে। তাদের এই বাজারে ভাগ বসাতেই এইচপি এবার অনলাইন সার্ভিসের পসরা সাজিয়ে বসার পরিকল্পনা করেছে।অ্যাপোথেকার বলেন, ‘পৃথিবীটা মানুষ থেকে মানুষের যোগাযোগের মাধ্যমে সম্পর্কযুক্ত। মানুষ এখন তথ্য জানতে চায়। যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, তথ্য জানাটা এখন সবার অধিকার। মানুষ ও তথ্যর মধ্যে মেলবন্ধন তৈরি করবে আমাদের এই ক্লাউড কম্পিউটিং সিস্টেম।’