ক্লাউড সফটওয়্যারে ভবিষ্যৎ দেখছে ইনটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনটেল
ইনটেল

ক্লাউডকে খুব সাধারণভাবে কম্পিউটারের পরিবর্তে ইন্টারনেটে চালিত সফটওয়্যার ও সার্ভিস বলা যেতে পারে। প্রযুক্তির দুনিয়ায় এই ক্লাউড কম্পিউটিংয়েই ভবিষ্যৎ দেখছে চিপ নির্মাতা ইনটেল। ক্লাউড কম্পিউটিংয়ের সক্ষমতা বাড়াতে পারে এমন সফটওয়্যারের ওপর অধিক বিনিয়োগ করার পরিকল্পনা করেছে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাউড কম্পিউটিংয়ের সফটওয়্যারে ১০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে ইনটেলের বিনিয়োগ শাখা। কম্পিউটিং সিস্টেমের আরও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে তাঁদের এই বিনিয়োগ। নিজস্ব কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্টার্টআপ বা উদ্যোক্তা প্রতিষ্ঠানেও এই বিনিয়োগ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইনটেল কর্তৃপক্ষ।
বর্তমানে হিউলেট প্যাকার্ড, ডেল ও আইবিএমের মতো প্রতিষ্ঠান ‘ওপেন-স্টাক’ নামের ক্লাউড কম্পিউটিংয়ের উপযোগী সফটওয়্যার তৈরিতে কাজ করে। বর্তমানে প্রযুক্তি বিশ্বে ক্লাউড কম্পিউটিংয়ের সফটওয়্যার নির্মাতা উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর চাহিদা রয়েছে। এ বছরের এপ্রিল মাস থেকে সিসকো সিস্টেম যে ছয়টি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে, তার পাঁচটিই ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার নিয়ে কাজ করছে। এ ছাড়াও ইএমসি, ভিএমওয়্যার মিলে পিভোটাল সফটওয়্যার নামের একটি ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে।
ইনটেলের চিপ ব্যবসার পরিচালক ডিয়ান এম ব্রায়ান্ট বলেন, ‘নতুন একটি পৃথিবী আসছে। এটা অবশ্যম্ভাবী। সবাইকে আলাদা আলাদাভাবে ভূমিকা রাখতে হবে।’