ক্লাউড সেবাদাতা মেরাকি কিনবে সিসকো
ক্লাউড-ভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান মেরাকি কিনতে আগ্রহ দেখিয়েছে নেটওয়ার্কিং যন্ত্রপাতি নির্মাণের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠান সিসকো সিস্টেম। ক্লাউড কম্পিউটিং ক্ষেত্রের অন্যতম প্রতিষ্ঠান মেরাকি কিনতে ১২০ কোটি মার্কিন ডলার খরচ করতে হবে সিসকো কর্তৃপক্ষকে। মেরাকি মূলত ক্লাউড সেবার মাধ্যমে নেটওয়ার্ক ব্যবস্থাপনাভিত্তিক সেবাদাতা একটি প্রতিষ্ঠান। খবর বিবিসি অনলাইনের।সিসকো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি ক্লাউড সেবা বাড়িয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুবিধা বাড়াবে। প্রযুক্তি বিশ্লেষকেদের ধারণা, ভবিষ্যতে ক্লাউড সেবার ওপর ভিত্তি করে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে। ইতিমধ্যে ১০ হাজার প্রতিষ্ঠান মেরাকি সেবা ব্যবহার করছে। ক্লাউডভিত্তিক ব্যবসা শুরু করতে মেরাকি ছাড়াও সম্প্রতি ক্লাওপিয়া নামে তথ্য ব্যবস্থাপনা ভিত্তিক একটি প্রতিষ্ঠান কিনেছে সিসকো। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মধ্য সারির ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে ক্লাউড সেবা দিতে সিসকোর নেয়া নতুন উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।