
এই তো সেদিন রাস্তায় দেখছিলাম হাসিখুশি একটি পরিবার রিকশায় করে যাচ্ছে। স্বামী-স্ত্রী আর তাঁদের শিশুসন্তান। বাবা এক হাতে আগলে রেখেছেন তাঁর শিশুটিকে। অন্য হাতে সিগারেট। হাসি-গল্পের বিরতিতে কায়দা করে টান দিচ্ছেন সিগারেটে। একটু পর পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে শিশুটি আর তার মায়ের চারপাশ। বাবা এক হাতে যেমন শিশুটিকে আগলে রাখতে চাইলেন, ঠিক অন্য হাতে তাঁর অজান্তেই শিশুটির ক্ষতি করে চলেছেন। কেমন করে?
জানতে চেয়েছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক প্রণব কুমার চৌধুরীর কাছে। তিনি বলেন, ওই বাবাটির সিগারেটের ছেড়ে দেওয়া ধোঁয়ায় পরোক্ষ ধূমপানের কবলে পড়ছে শিশু। সিগারেটের ধোঁয়া সবচেয়ে বেশি ক্ষতি করে শিশুদেরই। কারণ, তাদের ফুসফুস পরিণত হয়নি এখনো। তাই শিশুর জন্য সিগারেটের ধোঁয়া বড় হুমকির। আর শিশুর ফুসফুসটি ছোট্ট হলেও পরিণত ফুসফুসের চেয়ে সে অনেক বেশিবার বাতাস টেনে নেয়। তাই বাতাসের সঙ্গে ক্ষতিকর ধোঁয়াটাও শিশু ফুসফুসে ভরে ফেলে দ্রুত। সিগারেটের ধোঁয়া ফুসফুসে বাসা বেঁধে কী ক্ষতি করে শিশুর আসুন, তা-ও জেনে নেওয়া যাক।
শিশুর ফুসফুসে নানা ধরনের সংক্রমণ শুরু হয় প্রথমেই।
আর পরোক্ষ ধূমপানে শিশুর ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে খুব বেশি।
শুনতে অবাক লাগলেও শিশুর কানে সংক্রমণ হতে পারে পরোক্ষ ধূমপানে।
শিশু শ্বাসকষ্টে ভোগে কখনো কখনো।
দীর্ঘদিন কাশি থাকতে পারে, পরোক্ষ ধূমপানের প্রভাবে।
শিশুর অ্যাজমার জন্যও দায়ী পরোক্ষ ধূমপান।
গলাব্যথা, নাক দিয়ে পানি ঝরারও কারণ এটি।
শিশুর ছোট্ট হূৎপিণ্ডটিরও ক্ষতি করে পরোক্ষ ধূমপান।
সেই সঙ্গে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে, শিশুর স্বাস্থ্যেরও অবনতি ঘটায় পরোক্ষ ধূমপান।
এই পরোক্ষ ধূমপান শিশুর মৃত্যুও ডেকে আনতে পারে।
আপাতদৃষ্টিতে সিগারেটের ছেড়ে দেওয়া ধোঁয়া নির্দোষ দর্শন হলেও এই ধোঁয়ায় মিশে থাকে হাজারো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। এই ধোঁয়া সব বয়সী, সব মানুষেরই ক্ষতি করে। এর মধ্যে শিশুর ক্ষতি হয় সবচেয়ে বেশি। সে সম্পর্কেও বিস্তারিত বললেন শিশুবিশেষজ্ঞ প্রণব কুমার চৌধুরী। শিশুদের শ্বাস-প্রশ্বাসের হার থাকে দ্রুত। তাই পরোক্ষ ধূমপানে শিশুর শারীরিকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। তা ছাড়া শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে অন্যদের চেয়ে অনেক কম। শিশু নিজে থেকে বলতেও পারে না ধোঁয়া তার কাছে খারাপ লাগছে। সবচেয়ে বড় কথা শিশুটি জানেও না পরোক্ষ ধূমপান তার ক্ষতি করে চলছে।
জেনে-বুঝে শিশুর ক্ষতির কারণ কে হতে চায়? সিগারেট নিজের যেমন ক্ষতি করছে, তেমনি ক্ষতি করে চলেছে শিশুটিরও। তাই শিশুর সামনে সিগারেটকে ‘না’ বলুন।
l লেখক: চিকিৎসক