ক্ষতিপূরণ চায় 'ঘড়ি বালক'

‘ঘড়ি বালক’ হিসেবে পরিচিতি পাওয়া যুক্তরাষ্ট্রের ১৪ বছরের কিশোর আহমেদ মোহাম্মদের পক্ষে তাঁর আইনজীবী দেড় কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।আইনজীবী বলেছেন, ছেলেটির সঙ্গে প্রকাশ্যে দুর্ব্যবহার করা হয়েছে এবং এতে দেড় কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলছাত্র সুদানি বংশোদ্ভূত আহমেদের তৈরি করা একটি ঘড়ি নিয়ে সম্প্রতি তুলকালাম হয়ে যায়। স্কুলের শিক্ষকেরা তার ঘড়িটি দেখে বোমা বলে সন্দেহ করেন। পরে পুলিশ এসে কড়া পাহারায় তাকে থানায় নিয়ে যায়। কয়েক দিন পর ডালাসের পুলিশ সংবাদ সম্মেলন করে জানায়, আহমেদ নির্দোষ। তদন্ত করে তার বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি।
আহমেদের নির্দোষ প্রমাণিত হওয়ার খবরটি ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ওঠে সমালোচনার ঝড়। অনেকে অভিযোগ করেন—মুসলিম বলেই এমন আচরণের শিকার হতে হয়েছে আহমেদকে।
তার আইনজীবী গতকাল সোমবার আরভিং নগর কর্তৃপক্ষ বরাবর এক কোটি মার্কিন ডলার ও আরভিং ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট বরাবর ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়ে পৃথক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি লিখিতভাবে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। তা না হলে মামলা করার হুমকি দেওয়া হয়েছে।
এদিকে আহমেদ মোহাম্মদ বৃত্তি নিয়ে সপরিবারে মধ্যপ্রাচ্যের কাতারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে সে উচ্চতর পড়াশোনা করবে। আহমেদ মোহাম্মদকে কাতার ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট একটি পূর্ণাঙ্গ বৃত্তি দিচ্ছে। এটি শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করা একটি বেসরকারি প্রতিষ্ঠান। তথ্যসূত্র: বিবিসি।