ক্ষতির মুখোমুখি মোবাইল ফোন নির্মাতা নকিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় মোবাইল ফোন নকিয়ার নাম সবার মুখে মুখে থাকলেও সম্প্রতি নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের শেষ তিন মাসে মোবাইলের বিক্রি অপ্রত্যাশিত হারে কমে যাওয়ায় কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র জানিয়েছে, প্রায় এক-চতুর্থাংশ বিক্রি কমে যাওয়ায় তারা এ ক্ষতির সম্মুখীন হয়েছে। তা ছাড়া অন্যদিকে সরকারকে কর দিতে হয়েছে ১ দশমিক শূন্য ৮ বিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১৪০ কোটি ডলার। আর গত বছরের তুলনায় নেট বিক্রি কমে গেছে প্রায় ২১ শতাংশ। সব মিলিয়ে ক্ষতির পরিমাণটা তারা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। গত অক্টোবরেই নকিয়া তাদের দুটি উইন্ডোজচালিত স্মার্টফোন বাজারে ছাড়ে। গুগলের অ্যানড্রয়েডচালিত হ্যান্ডসেট এবং অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই তাদের ছিল এ নতুন উপহার।নকিয়ার প্রধান কর্মকর্তা স্টিফেন এলফ বলেন, আইফোন এবং অ্যানড্রয়েডচালিত হ্যান্ডসেটগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই তারা সিমবিয়ান ছেড়ে উইন্ডোজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আর এর ফলে তারা বাজারে আনে উইন্ডোজচালিত স্মার্টফোন নকিয়া লুমিয়া ৮০০ এবং লুমিয়া ৭১০। এখন পর্যন্ত ১০ লাখের বেশি লুমিয়া সেট তারা বিক্রি করেছে। নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরে তারা চীন ও লাতিন আমেরিকায় আরও কিছু স্মার্টফোন বাজারে ছাড়বে। আর ২০১২ সালকে তারা রূপান্তরের বছর হিসেবে দেখছে। তবে বর্তমান প্রতিযোগিতার বাজারে নকিয়া কতটুকু টিকে থাকতে পারবে এবং লাভবান হ বে, তা শুধু সময়ই বলে দিতে পারবে। —বিবিসি নিউজ অবলম্বনে প্রদীপ সাহা