
প্রভুভক্ত প্রাণী হিসেবে খ্যাত কুকুর এখন মানুষের আচরণ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিখুঁতভাবে বুঝতে পারছে। এ ধারা অব্যাহত থাকলে প্রাণীটির পরবর্তী প্রজন্মগুলোকে হয়তো আর এ ব্যাপারে কোনো প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়বে না। স্কটল্যান্ডের অ্যালবার্টি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটিই দাবি করছেন। তাঁদের এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে অ্যানিমেল কগনিশন সাময়িকী। গবেষকেরা বলছেন, মানবমনের গতিবিধি অনুধাবনের ক্ষমতা ক্রমেই সহজ হচ্ছে কুকুরের জন্য। প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত—এ দুই ধরনের ২৪টি কুকুরের আচরণের তুলনামূলক বিশ্লেষণ করে তাঁরা এ সিদ্ধান্তে উপনীত হন। একজন মানুষের সঙ্গে পরিচিতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সম্পর্কে ওই কুকুরের অনুমান-দক্ষতা বাড়ে। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক ক্লেয়ার কানিংহাম বলেন, প্রাণীটির এই ক্ষমতা যদি প্রজন্মান্তরে সম্প্রসারিত হয়, তাহলে একসময় এরা মানুষের আরও ঘনিষ্ঠ সহচর হিসেবে আবির্ভূত হতে পারে। ইনডিপেনডেন্ট।