ক্ষমা চাইলেন ইয়াহুর প্রধান নির্বাহী
অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহুর প্রধান নির্বাহী স্কট থম্পসন সম্প্রতি তাঁর জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভুয়া তথ্য দেওয়ার কথা স্বীকার করেছেন। পদত্যাগের দাবির মুখে ইয়াহুর সব কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার বিষয়টির জন্য ক্ষমা চেয়ে ইয়াহুর সব কর্মকর্তার কাছে একটি মেইল পাঠিয়েছেন।মেইলে থম্পসন জানিয়েছেন, ‘বিষয়টি ইয়াহু ও আপনাদের ক্ষতির কারণ হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সবাইকেই এই প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু এ বিষয়টি উল্টো প্রভাব ফেলেছে। আর এ কারণেই, এর পুরো দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। বিষয়টির শিগগিরই ইতি ঘটবে বলেই আমি আশাবাদী। আর এ সময়, আমাদের আরও কাজ করতে হবে।’এর আগে ৪ মে, শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে ইয়াহুর ৫.৮ শতাংশ শেয়ারের মালিক থার্ড পয়েন্টের প্রধান নির্বাহী ড্যানিয়েল লোয়েব ইয়াহু পরিচালনা পর্ষদের কাছে একটি চিঠি লেখেন। চিঠিতে থম্পসনের শিক্ষাগত যোগ্যতার সনদ বিষয়ে তিনি তাঁর অভিযোগ জানিয়েছিলেন।ড্যানিয়েল লোয়েব তাঁর চিঠিতে উল্লেখ করেন, থম্পসন তাঁর শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করেছেন—তিনি বোস্টনের স্টোনহিল কলেজ থেকে অ্যাকাউন্টিং ও কম্পিউটার সায়েন্সে স্নাতক হয়েছেন। কিন্তু জানা গেছে, তাঁর ডিগ্রিটি কেবল অ্যাকাউন্টিংয়ের ওপর, কম্পিউটার সায়েন্স বিষয়ে তাঁর কোনো ডিগ্রি নেই। তাই তাঁর নিয়োগ বৈধ হওয়ার কথা নয়। চিঠিতে তিনি অভিযোগ করেন, ইয়াহুর প্রধান নির্বাহী স্কট থম্পসন এবং পরিচালক প্যাটি হার্ট উভয়েই তাঁদের জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে মিথ্যাচার করেছেন। এ ধরনের মিথ্যাচারের কারণে তাঁরা ইয়াহুর পরিচালনা পর্ষদে থাকার যোগ্যতা হারিয়েছেন। প্রসঙ্গত, ইয়াহুর শেয়ারহোল্ডাররা ৭ মে সোমবারের মধ্যেই থম্পসনের বিরুদ্ধে তদন্ত করে তাঁর পদত্যাগ দাবি করেছিলেন।প্রসঙ্গত, ১৯৮৩ সালে স্টোনহিল কলেজে কম্পিউটার সায়েন্স বিভাগ চালু হয়। ১৯৭৯ সালে থম্পসন এই কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অথচ ইয়াহুতে চাকরির জন্য থম্পসন তাঁর জীবনবৃত্তান্তে এই কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে তাঁর ডিগ্রি নেওয়ার কথা উল্লেখ করেন।এদিকে ইয়াহুর এক মুখপাত্র জানিয়েছেন, প্রধান নির্বাহীর শিক্ষাগত যোগ্যতায় যে গরমিল দেখা গেছে, তা অনিচ্ছাকৃত ভুল। ইয়াহু বোর্ড বিষয়টি খতিয়ে দেখেছে এবং অভ্যন্তরীণ সভায় বিষয়টি সমাধানের পথ খুঁজে দেখা হচ্ছে।উল্লেখ্য, ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু ইনকরপোরেশনের প্রধান নির্বাহী হিসেবে গত ৪ জানুয়ারি স্কট থম্পসনের নাম ঘোষণা করে ইয়াহু পরিচালনা পর্ষদ। গত ৯ জানুয়ারি থেকে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি ইয়াহুকে লাভে ফেরাতে কর্মী ছাঁটাই, সাইট বন্ধসহ বেশকিছু পদক্ষেপ নেন। তাঁর পদক্ষেপের ফলে দীর্ঘ সময় পর চলতি বছরের প্রথম তিন মাসে লাভের মুখ দেখেছে ইয়াহু। ইয়াহুতে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার আগে থম্পসন অনলাইন সেবা ইবের অনলাইন পেমেন্ট বিভাগ পেপলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।২০১১ সালের সেপ্টেম্বর মাসে ইয়াহুর প্রধান নির্বাহী ক্যারল বার্জকে বরখাস্ত করেছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রয় বসটক। পরে ইয়াহু প্রতিষ্ঠাতা জেরি ইয়াং ও চেয়ারম্যান রয় বসটকও ইয়াহু ছেড়ে দেন। ইয়াহুকে নতুন করে ঢেলে সাজাতে পরিচালনা পর্ষদে নতুন সদস্য নিয়োগ করা হয়েছে। আর ইয়াহুকে ঢেলে সাজাতে বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডার থার্ড পয়েন্টের চাপের মুখে রয়েছেন স্কট থম্পসন।