ক্ষুদ্র ব্যবসার প্রযুক্তি নিয়ে কর্মশালা
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রযুক্তির ব্যবহার নিয়ে গত বুধবার ঢাকায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। আরএম সিস্টেমস লিমিটেড আয়োজিত ‘ডেল-ইন্টেল স্মল বিজনেস’ নামের এ কর্মশালার উদ্বোধন করেন আরএম সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক আলী আশফাক। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি ডেল সার্ভার এবং ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের জিওন প্রসেসরের বিভিন্ন দিক নিয়ে তুলে ধরা হয় কর্মশালায়। ডেল সার্ভার ব্যবহারের বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে ডেলের ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায় কাজে লাগানোর জন্য তৈরি এই সার্ভারের দাম তুলনামূলকভাবে কম। আর এটি অনেক বেশি নিরাপদ।’ সার্ভারের বিভিন্ন সমস্যা সমাধানে ডেল-ইন্টেল কীভাবে সহযোগিতা করতে পারে, সেই সব বিষয় নিয়েও আলোচনা করা হয় এ কর্মশালায়। এতে গ্রাহক এবং পরিবেশকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর এবং আরএম সিস্টেমস লিমিটেডের মহাব্যবস্থাপক মাহতাব উদ্দিন আহমেদ। কর্মশালা পরিচালনা করেন আরএম সিস্টেমের বিক্রয় বিভাগের প্রধান এ এস এম মইনুল হক। —রাকিব মোজাহিদ