ক্ষুদ্রঋণ প্রকল্পে তথ্যপ্রযুক্তি ব্যবহারকারীদের সমাবেশ
‘বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলো বাতিঘর হিসেবে কাজ করছে। এটি অনেকটা পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক জীবনে রক্ত সঞ্চালনের মতো কাজ করে। তাই ক্ষুদ্রঋণ কর্মসূচিকে আধুনিক করা খুব প্রয়োজনীয়, যাতে এনজিওগুলো খুব সহজে তাদের কাজ করতে পারে।’ ডেটাসফট বাংলাদেশ লিমিটেডের আয়োজনে রোববার সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় মাইক্রোফিন৩৬০ সফটওয়্যার ব্যবহারকারীদের এক সমাবেশে সন্ধ্যায় এসব কথা বলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপমহাব্যবস্থাপক ফজলুল কাদের।
ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনার অনলাইনভিত্তিক সফটওয়্যার ‘মাইক্রোফিন ৩৬০’, যা দিয়ে ক্ষুদ্রঋণ প্রদান ও আদায়ের বিভিন্ন গণনাকাজ সম্পন্ন এবং প্রতিবেদন তৈরি করা যায়।
এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন পিকেএসএফের মহাব্যবস্থাপক (পরিচালন) মশিউর রহমান, ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান এবং পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মানজুর মাহমুদ এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা। সমাবেশের সভাপতিত্ব করেন ডাটাসফট বাংলাদেশ লিমিটেডের পরিচালক বেগম দিল আফরোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের উদ্দেশ করে মাহবুব জামান বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে বড় অবদান রেখেছে ক্ষুদ্রঋণ প্রকল্প। আমাদের লক্ষ্য ছিল ক্ষুদ্রঋণ প্রকল্পকে তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত করা। সেই লক্ষ্যেই আমাদের “মাইক্রোফিন৩৬০” সফটওয়্যার তৈরি। এটি সফলতার মুখ দেখেছে আপনাদের হাত ধরেই। সেই সঙ্গে এর মানোন্নয়নও সম্ভব হয়েছে আপনাদের পরামর্শে।’
এরপর মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন ইসি-বাংলাদেশ, টিএমএসএস, অন্তরসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা ‘মাইক্রোফিন৩৬০’ সফটওয়্যার ব্যবহার নিয়ে কথা বলেন।তাঁরা তাঁদের অভিজ্ঞতা থেকে বিভিন্ন পরামর্শও দেন। —মোজাহিদুল ইসলাম