ক্ষুধার নেপথ্যে মস্তিষ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখরোচক খাবার দেখলে সুস্থ-স্বাভাবিক যেকোনো মানুষের জিবে পানি এসে পড়ে। বিশেষ করে তাঁরা যখন ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার জন্য অপেক্ষা করেন। কিন্তু ক্ষুধামান্দ্যে আক্রান্ত মানুষ এ ধরনের প্রবণতা থেকে দূরে থাকেন। ব্যাপারটার মূলে কিন্তু ক্ষুধা কিংবা সুস্বাদু খাদ্য নয়, মস্তিষ্কের বিশেষ কার্যক্রমই দায়ী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। তাঁদের গবেষণা প্রতিবেদনটি বায়োলজিক্যাল সাইকিয়াট্রি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা মোট ৪০ জন নারীর ওপর গবেষণা চালান, যাঁদের মধ্যে ২৩ জন ক্ষুধামান্দ্য থেকে সেরে উঠেছেন। বাকি ১৭ জন স্বাভাবিক, তাঁরা ক্ষুধাহীনতায় ভোগেননি। গবেষণায় দেখা যায়, দ্বিতীয় দলের নারীদের ক্ষুধা লাগার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের একটি অংশের সক্রিয়তা বেড়ে যায়; যে অংশ খাবার গ্রহণে তাঁদের প্ররোচিত করে। কিন্তু ক্ষুধামান্দ্য থেকে মুক্ত হওয়া নারীদের মস্তিষ্কে এ ধরনের পরিবর্তন ঘটেনি। তাই তাঁরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে নিজেদের বেশ নিয়ন্ত্রণ করতে পারেন। আইএএনএস।