ক্ষোভের মুখে ইরানি প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা মূল্যের খাবার সংগ্রহের জন্য ইরানি নাগরিকদের দীর্ঘ সারি। ছবি: এএফপি
বিনা মূল্যের খাবার সংগ্রহের জন্য ইরানি নাগরিকদের দীর্ঘ সারি। ছবি: এএফপি

নিজ দেশে ফের ক্ষোভের মুখে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই ক্ষোভের কারণ হলো তাঁর একটি নতুন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ইরানের স্বল্প আয়ের পরিবারগুলোকে বিনা মূল্যে খাদ্য বিতরণ করা হচ্ছে। রক্ষণশীলদের মতে, এই কর্মসূচিতে অনেক গলদ রয়েছে।
আগামী ২১ মার্চ ইরানি নববর্ষ উদ্যাপন সামনে রেখে বিনা মূল্যে খাবার দেওয়ার এই কর্মসূচি হাতে নিয়েছে রুহানির সরকার। কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে দুটি হিমায়িত মুরগি, ১০ কেজি চাল, দুই বোতল উদ্ভিজ্জ তেল, আধা কেজি পনির ও দুই ডজন ডিম দেওয়া হচ্ছে। যেসব পরিবারের আয় মাসে ৫০ লাখ রিয়ালের কম, তাদের এসব খাবার দেওয়া হচ্ছে। প্রায় ৭০ লাখ পরিবার এই কর্মসূচির আওতায় আসবে।
২ ফেব্রুয়ারি যখন কর্মসূচিটি শুরু হয়, তখন রাজনীতিক থেকে শুরু করে ইরানের সাধারণ জনগণ একে স্বাগত জানান। কিন্তু দু-এক দিন না যেতেই সমালোচনার ঝড় ওঠে। সমালোচকেরা বলেন, এই বিনা মূল্যের খাদ্য সংগ্রহ করতে গিয়ে লোকজনকে অনেক সময় ধরে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সারিতে দাঁড়ানো নিয়ে ঠেলাঠেলি ও হাতাহাতির ঘটনাও ঘটছে। এ ছাড়া এসব খাবারের মানও ভালো নয়। স্থানীয়ভাবে উৎপাদিত চালের বদলে ভারত থেকে আনা নিম্নমানের চাল দেওয়া হচ্ছে।
স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে প্রচণ্ড শীতের মধ্যে সারিতে দাঁড়িয়ে থাকতে থাকতে এক বৃদ্ধসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাষ্ট্রচালিত একটি চেইন স্টোর থেকে বিনা মূল্যের খাবার নিতে এসেছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আব্বাস। তিনি বলেন, ‘সারিতে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে আমি ৬০০তম ব্যক্তি। সকাল সাতটায় এসে দাঁড়ালেও বেলা একটার সময় আমি আমার খাবার পাই। এ ছাড়া যে পরিমাণ খাবার দেওয়া হয়েছে, তা আমার পাঁচ সদস্যের পরিবারের এক মাসের জন্য যথেষ্ট নয়।’
রক্ষণশীল পত্রিকা কেহান বলেছে, ত্রুটিপূর্ণ এই কর্মসূচি চালু করার জন্য রুহানির উচিত ক্ষমা চাওয়া। পত্রিকাটি এই কর্মসূচির সঙ্গে জড়িত কর্মকর্তাদের পদত্যাগ করার আহ্বান জানায়। কেহান-এর সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, এই কর্মসূচি দেখে মনে হচ্ছে, সরকার দরিদ্রদের প্রতি অনেক সহানুভূতিশীল ও তাদের খেয়াল রাখছে। কিন্তু আসলে এই কর্মসূচির মাধ্যমে তাদের অপমান করা হচ্ছে। এ ছাড়া ঠান্ডা আবহাওয়ার মধ্যে দরিদ্র লোকজন দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে, এ ধরনের ছবি শত্রু গণমাধ্যমগুলো প্রচার করলে তা বিদেশে ইরানের ভাবমূর্তিকে নষ্ট করবে।
সমালোচনায় পিছিয়ে নেই সংস্কারপন্থী পত্রিকাগুলোও। তারা বলছে, যথাযথ প্রস্তুতি ছাড়া তড়িঘড়ি করে এ কর্মসূচির বাস্তবায়ন করা ঠিক হয়নি।
গত সপ্তাহে ইরানি পার্লামেন্টের কয়েকজন বিরোধী কট্টরপন্থী আইনপ্রণেতা খাবার বিতরণ কর্মসূচির ব্যাপারে তদন্ত করার হুমকি দেন। সংসদের স্পিকার আলি লারিজানি সরকারের প্রতি এই খাবার বিতরণপদ্ধতি পরিবর্তন করার আহ্বান জানান।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে, এই সরকারের নীতি হচ্ছে গোটা সমাজের কল্যাণ সাধন করা। মানুষের কষ্ট দূর করার জন্যই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।
সমালোচনার মুখে প্রেসিডেন্ট ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘খাবার সংগ্রহ করতে গিয়ে জনগণ যদি কষ্ট পেয়ে থাকেন, সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
গত বছরের আগস্ট মাসে হাসান রুহানি ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করার পর দেশটির অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের অঙ্গীকার করেন। মূলত দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির আওতায় তিনি এই বিনা মূল্যে খাবার বিতরণের কর্মসূচি হাতে নেন।
বিশ্লেষকদের মতে, এই কর্মসূচি হাসান রুহানির সরকারকে খাটো করার জন্য বিরোধীদের এক অপূর্ব সুযোগ এনে দিয়েছে। এর আগে ছয়টি বিশ্ব শক্তির সঙ্গে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তি করে হাসান রুহানি নিজ দেশে সমালোচনার মুখে পড়েন। চুক্তি অনুযায়ী, ইরান অস্ত্র বানানোর উপযুক্ত পরিশোধিত ইউরেনিয়ামের মজুত কমাবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সীমিত করবে কিংবা অস্থায়ীভাবে বন্ধ রাখবে। ইরান তার পরমাণু কর্মসূচি থেকে সরে না আসায় পশ্চিমা দেশগুলো এসব নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে ইরানের অর্থনীতি প্রায় পঙ্গু হয়ে গেছে।
ইরানের কট্টরপন্থীরা বলছেন, এই চুক্তির মধ্য দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকারকে পদদলিত করা হলো। কট্টরপন্থী আইনপ্রণেতা রুহুল্লা হোসেইনিয়ান বলেন, এই চুক্তি অস্পষ্ট ও শর্তাধীন। এই চুক্তির কারণেই হয়তো একসময় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি একেবারে বন্ধ হয়ে যাবে।
আরেক কট্টরপন্থী আইনপ্রণেতা হামিদ রাসায়েই এই পরমাণু চুক্তিকে ‘বিষের পাত্র’ বলে অভিহিত করেছেন।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বেকারত্ব, দারিদ্র্য ও মুদ্রাস্ফীতির কবলে পড়ে ইরানিদের জীবনমান বদলে গেছে। বৃদ্ধি পেয়েছে খাদ্য ও ভোগ্যপণ্যের দাম। বর্তমানে দেশটিতে মুদ্রাস্ফীতির হার ৩৯ দশমিক ৩ শতাংশ, বেকারত্বের হার ২৪ দশমিক ৩ শতাংশ। গত এক বছরে খাবারদাবারের দাম বেড়েছে ৬০ শতাংশের বেশি।
জিনিসপত্রের এই মূল্যবৃদ্ধির জন্য বেশির ভাগ অর্থনীতিবিদ ইরানের এর আগের সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে দায়ী করেন। এর মধ্যে রয়েছে, ইরানের সাড়ে সাত কোটি জনগণের বেশির ভাগকে প্রতি মাসে নগদ চার লাখ ৫৫ হাজার রিয়াল প্রদান। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ভর্তুকি হ্রাসের কারণে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, তারই ক্ষতিপূরণ হিসেবে নগদ এই অর্থ দেওয়া হচ্ছে।
এখন এটা স্পষ্ট নয় যে এই বিনা মূল্যের খাবার দেওয়ার কারণে মাসে মাসে যে অর্থ দেওয়া হয়, তা বন্ধ করে দেওয়া হবে কি না। এ নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক ইরানি।