ফেনক্সের মাধ্যমে কয়েক কোটি টাকার জাপানি বিনিয়োগ পেল আজকের ডিল

বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স সাইট আজকের ডিলে কয়েক কোটি টাকা বিনিয়োগ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাপানি প্রতিষ্ঠান ইনোটেক করপোরেশন। সিলিকন ভ্যালিভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ফেনক্সের মাধ্যমে এ বিনিয়োগ আসছে। স্থানীয় কোনো ই-কমার্স প্রতিষ্ঠানে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ বলে দাবি করেছে আজকের ডিল কর্তৃপক্ষ।
আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে বিনিয়োগসংক্রান্ত ঘোষণা দেয় আজকের ডিল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, ফেনক্সের জেনারেল পার্টনার শামীম আহসান, ইনোটেক করপোরেশনের প্রধান নির্বাহী তোশিকো অনু ও ফেনক্সের পার্টনার আবুল নুরুজ্জামান।
ফাহিম মাশরুর প্রথম আলোকে বলেন, আজকের ডিল নামকরা ব্র্যান্ড হলেও প্রতিষ্ঠানটি এখন লাভজনক অবস্থানে নেই। বিনিয়োগের মাধ্যমে রাতারাতি কোনো চমক হয়তো দেওয়া সম্ভব নয়। তবে এটি পরিচালনার জন্য ও বড় মার্কেটপ্লেস হিসেবে দাঁড় করাতে এ বিনিয়োগ প্রয়োজন ছিল।
অনুষ্ঠানে ইনোটেক করপোরেশনের প্রধান নির্বাহী তোশিকো অনু বলেন, ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা অনেক। বাংলাদেশের ই-কমার্স খাত সম্ভাবনাময়। লাভজনক এ খাতকে আরও এগিয়ে নিতেই এ বিনিয়োগ।
বিনিয়োগের পরিমাণ সম্পর্কে ফাহিম মাশরুর বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সঠিক পরিমাণ বলা সম্ভব নয়। তবে ধারণা করা যায়, টাকার হিসাবে কোটিতে তা দুই সংখ্যার বেশি হবে।
বিনিয়োগ গ্রহণ সম্পর্কে ফাহিম মাশরুর আরও বলেন, আজকের ডিলের সফলতা ও ভবিষ্যৎ সম্ভাবনা দেখে বিনিয়োগকারীরা আস্থা পেয়েছেন। বিনিয়োগ পাওয়া অর্থ আজকের ডিলের সেবা আরও উন্নত করতে ব্যবহার করা হবে।
ফেনক্সের জেনারেল পার্টনার শামীম আহসান বলেন, দেশের তথ্যপ্রযুক্তি উন্নয়ন ও স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে ফেনক্স। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশে ইন্টারনেট ও প্রযুক্তি ক্ষেত্রে আরও বিনিয়োগ করবে।
উল্লেখ্য, চার বছর আগে আজকের ডিল প্রতিষ্ঠা করেন ফাহিম। বর্তমানে এই মার্কেটপ্লেসে দুই হাজার বিক্রেতা তাঁদের পণ্য বিক্রি করছেন।