খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফল প্রকাশ করেন।
এবার এই ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৩৬ হাজার ৮৩৫ জন। পাস করেছেন পাঁচ হাজার ১২৮ জন। পাসের হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন এক হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী। বিভিন্ন কারণে ৮২ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে।
খ ইউনিটে মোট আসনসংখ্যা আড়াই হাজার।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে এবং রবি, বাংলালিংক, এয়ারটেল ও সিটিসেল থেকে খুদেবার্তার মাধ্যমে ফল জানতে পারবেন। খুদেবার্তার জন্য মুঠোফোনের খুদেবার্তা অপশনে গিয়ে DU (স্পেস) KHA ( স্পেস) পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
সংবাদ সম্মেলনে কলা অনুষদের ডিন ও খ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী সদরুল আমিন ও অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন।