খনিজ সংকটে পড়বে প্রযুক্তিপণ্য শিল্প

স্মার্টফোন, ট্যাবলেট প্রভৃতি প্রযুক্তিপণ্যের জন্য যন্ত্রাংশ তৈরিতে যে সব খনিজ উপাদানের প্রয়োজন পড়ে সেগুলো এরমধ্যেই দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি খনিজের ওপর এতটাই নির্ভরশীল যে, এসব খনিজের দুষ্প্রাপ্যতা এ প্রযুক্তির অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকেরা প্রযুক্তিপণ্যের জন্য যন্ত্রাংশ তৈরিতে দুষ্প্রাপ্য খনিজের সহজলভ্য বিকল্পের খোঁজ না পাওয়ায় এ বিষয়টি নিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক থমাস গ্রেডেল স্মার্টফোনের মতো জনপ্রিয় প্রযুক্তিপণ্যে ব্যবহূত ৬২ ধরনের ধাতব উপাদান পরীক্ষা করে দেখেছেন।
তাঁর মতে, এই ৬২ ধরনের ধাতব উপাদানের উন্নত বিকল্প খুঁজে বের করা শক্ত। এর মধ্যে ১২টির কোনো বিকল্পই নেই। ভবিষ্যতে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ধাতব উপাদানের স্বল্পতায় পড়তে হতে পারে। এ ধরনের দুষ্প্রাপ্য খনিজ আহরণ করতে খরচ যেমন বেশি তেমনি তা পরিবেশের জন্যও ক্ষতিকর। এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয়গুলোও জড়িত।
গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, আগামী এক থেকে দুই দশকের মধ্যেই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুষ্প্রাপ্য খনিজ আরও দুষ্প্রাপ্য হয়ে উঠবে যা প্রযুক্তির উন্নয়নে বড় বাধা হয়ে আসতে পারে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক আন্দ্রে সেলা জানিয়েছেন, যত বেশি প্রযুক্তিপণ্য তৈরি হবে দুষ্প্রাপ্য খনিজের তত স্বল্পতা দেখা দেবে। এ ধরনের খনিজ সাধারণত প্রকৃতিতে দুর্লভ বা সহজে আহরণ করা যায় না।