খবরের জন্য ইন্টারনেট এখন জনপ্রিয় মাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের কাছে খবর পাওয়ার তৃতীয় জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। স্থানীয় ও জাতীয় টেলিভিশন কেন্দ্রগুলোর পরই ইন্টারনেটের স্থান। গতকাল সোমবার প্রকাশিত এক জরিপের ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ইন্টারনেট ও মার্কিন জীবন এবং সাংবাদিকতায় উত্কর্ষতা শিরোনামের দুই প্রকল্প দুই হাজার ২৫৯ জন মার্কিন নাগরিকের ওপর এই জরিপ চালায়। এঁদের ৭৮ শতাংশ জানান, কোনো বিশেষ দিনে তাঁরা স্থানীয় টেলিভিশন থেকে খবর জেনে নেন। ৭৩ শতাংশ জানিয়েছেন, তাঁরা জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক থেকে যেমন—সিবিএস, সিএনএন ও ফক্স নিউজ থেকে খবর পান। অন্যদিকে ৬১ শতাংশ জানিয়েছেন, তাঁরা খবরের জন্য ইন্টারনেটের ওপর নির্ভর করেন। ৫৪ শতাংশ বলেছেন, তাঁরা খবর শোনেন রেডিওতে। ৫০ শতাংশ জানিয়েছেন, তাঁরা স্থানীয় পত্রপত্রিকা ও ১৭ শতাংশ জাতীয় সংবাদপত্র যেমন—নিউইয়র্ক টাইমস বা ইউএসএ টুডে থেকে খবর জেনে নেন। জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের ৯৯ শতাংশ জানিয়েছেন, খবর পাওয়ার জন্য তাঁরা কোনো না কোনো গণমাধ্যমের ওপর নির্ভরশীল। ৯২ শতাংশ জানিয়েছেন, তাঁরা বেশ কয়েকটি মাধ্যম থেকে খবর জেনে নেন। জরিপে আরও দেখা গেছে, ২১ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অনলাইনে খবর ও তথ্য পাওয়ার জন্য একটিমাত্র ওয়েবসাইটে প্রবেশ করেন। তবে ৫৭ শতাংশ জানিয়েছেন, তাঁরা একাধিক ওয়েবসাইট ব্যবহার করেন। ১১ শতাংশ জানিয়েছেন, তাঁরা খবর জানার জন্য পাঁচটিরও বেশি ওয়েবসাইটে প্রবেশ করেন। তবে ৬৫ শতাংশ বলেছেন, তাঁদের কোনো প্রিয় ওয়েবসাইট নেই। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান