খরগোশ লাফিয়ে এল, ২৯ তারিখ হলো

২৯ ফেব্রুয়ারি বা লিপ ইয়ার নিয়ে গুগলের তৈরি ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোমপেজে। ডুডলটিতে দেখা যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ প্রদর্শিত দুটি খরগোশের মাঝে লাফিয়ে একটি ২৯ ফেব্রুয়ারি লেখা খরগোশ স্থান করে নিচ্ছে। এই ডুডলটির ওপর ক্লিক করলে লিপ ইয়ার বা ২৯ ফেব্রুয়ারি-সংক্রান্ত নানা তথ্য প্রদর্শন করছে গুগল।
আজকের বিশেষ ডুডলটি সম্পর্কে গুগল লিখেছে, ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি হচ্ছে বিশেষ একটি দিন। কারণ এর বাইনারি সংখ্যা ১১১১১১০০০০০০। বাইনারি সংখ্যাপদ্ধতি বা দ্বিমিক সংখ্যাপদ্ধতি একটি সংখ্যাপদ্ধতি, যাতে সব সংখ্যাকে কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়। এই সংখ্যাপদ্ধতির ভিত্তি দুই। ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তা ছাড়া প্রায় সব আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যাপদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।
আজকের গুগল ডুডলটির আরেকটি তাৎপর্য হচ্ছে, এটি জর্জিয়াল ক্যালেন্ডারকে একই সারিতে আনে, যা ৪৫ খ্রিষ্টপূর্বে সৌরবর্ষ হিসেবে গণনা করা শুরু হয়েছিল। জুলিয়ান ক্যালেন্ডারে আধুনিক ক্যালেন্ডারের মতো ১২ মাস ছিল, ছিল ৩৬৫ দিন। প্রতি তিন বছর পর ফেব্রুয়ারিতে এক দিন অতিরিক্ত যোগ করা হতো। আধুনিক এই ক্যালেন্ডার চালু করতে গিয়ে দেখা গেল, চালুর বছরটিই প্রকৃত সৌরবর্ষ থেকে প্রায় ৬৭ দিন পিছিয়ে আছে! ফলে ওই বছরের নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে ‘ইন্টার ক্যালিয়ারি’ নামে তিনটি বিশেষ মাস (২২ + ২৩ + ২২) ঢুকিয়ে দেওয়া হলো। জুলিয়ান ক্যালেন্ডার ভালোই চলছিল। পৃথিবীর প্রায় সব দেশ এটাকেই সর্বজনীন বলে মেনে নিয়েছিল। পনেরো শতকে এসে জ্যোতির্বিদেরা দেখলেন, গোলমাল লেগে গেছে। গোলমালটা লাগল ইস্টার উত্সব পালন নিয়ে।
জুলিয়ান ক্যালেন্ডারে প্রতি চার বছরে একটি লিপ ইয়ার থাকায় তার গড় দৈর্ঘ্য ছিল ৩৬৫.২৫ দিন। কিন্তু আসল সৌরবর্ষের দৈর্ঘ্য ৩৬৫.২৪২১৯ দিন (প্রায়)। ফলে জুলিয়ান ক্যালেন্ডার একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। একসময় দেখা গেল, ইউরোপের একেক চার্চ বছরের একেক সময় ইস্টার পালন করছে। এদের এক করতেই ৩৬৫.২৪২৫ দিন গড় ধরে একটি নতুন বর্ষপঞ্জি চালুর উদ্যোগ নেওয়া হলো পোপ ত্রয়োদশ গ্রেগরির সময়ে।
নতুন এ ব্যবস্থায় প্রতি ৪০০ বছরে তিনটি লিপ ইয়ার কমিয়ে দেওয়া হলো। বলা হলো, শততম বছরটি (যেমন ১৯০০, ২০০০, ২১০০) যদি ৪০০ দিয়ে বিভাজ্য হয়, তবেই সেটি লিপ ইয়ার হবে, নইলে সাধারণ বছর।
১৫৮২ সালের ২৪ ফেব্রুয়ারি এক সনদে সই করে নতুন এই ক্যালেন্ডার প্রবর্তন করলেন পোপ। প্রবর্তন হলে কী হবে, অনেকেই তা মেনে নিল না। বিশেষত প্রোটেস্টান্ট খ্রিষ্টানরা তীব্র বিরোধিতা করলেন এই ক্যালেন্ডারের। শুরুতে ক্যাথলিক কিছু দেশ মেনে নিল। এর পরের প্রায় ৪০০ বছর ধরে গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে পৃথিবীর নানা জায়গায় জুলিয়ান ক্যালেন্ডারের সঙ্গে লড়তে হয়েছে। শেষ পর্যন্ত রাশিয়ার মেনে নেওয়ার ভেতর দিয়ে পৃথিবীজুড়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডারেরই জয় হয়েছে।