
পাঁচ সপ্তাহের বেশি হয়ে গেল। রহস্যজনকভাবে নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজটির চূড়ান্ত পরিণতি বা এর অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত ১০০ ভাগ নিশ্চিত কিছুই জানা যায়নি। তবে একটা বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। বিশেষজ্ঞরা নিশ্চিত, উড্ডয়নের ইতিহাসে সবচেয়ে জটিল আর ব্যয়বহুল অনুসন্ধান ও উদ্ধার অভিযান হবে এটি। আর হবেই না বা কেন? বেশ কয়েকটি দেশের এক ঝাঁক বিমান ও জাহাজ এ কাজে চষে ফেলছে ভারত মহাসাগরের সুবিশাল এলাকা। সর্বশেষ যোগ হয়েছে গভীর সাগরের অতলে কাজ করার উপযোগী সর্বাধুনিক রোবট। এগুলোর পেছনে দিনেই খরচ হচ্ছে বেশ কয়েক লাখ ডলার করে।
শুরু থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি দেশ অনুসন্ধানকাজে কর্মী, উপকরণ ও বিশেষজ্ঞ জ্ঞান দিয়ে সাহায্য করেছে। তাদের কর্মকর্তারা কত খরচ হচ্ছে তা জানাতে রাজি হননি। সবার অনুভূতিটা মোটের ওপর এ রকম: আস্ত একটা বিমান ২৩৯ জন মানুষ নিয়ে হারিয়ে গেল আর তাদের খুঁজে বের করার খরচ নিয়ে ভাবলে চলবে?
কিন্তু অভিজ্ঞজনেরা বলছেন, একসময় আবেগের ঢেউ তিথিয়ে এলে আসবে বাস্তবতার ধাক্কা। এত বিপুল খরচের বিষয়ে জনগণের কাছ থেকে প্রশ্ন উঠতে বাধ্য।
কুয়ালালামপুরে অবস্থিত এশিয়ান স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ইনস্টিটিউটের সেন্টার ফর পাবলিক পলিসি স্টাডিজের চেয়ারম্যান রমন নবরত্নম এ কথাটাই তুললেন। তাঁর মতে, সংশ্লিষ্ট দেশগুলো অচিরেই এ প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছে যে আরও খুঁজে কিছু পাওয়ার সম্ভাবনা কতটা? দ্বিতীয় প্রশ্নটি হবে, খুঁজে যা পাওয়া যাবে (যদি পাওয়া যায়) খরচের হিসাব করলে তাতে ‘পোষাবে’ তো?
নবরত্নম বললেন, ‘কিছু যদি পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে নাই। তা মেনে নিতে হবে। আমাদের বাস্তববাদী হতে হবে। কিন্তু এটাও ঠিক, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন কাজ হবে। এ যেন লাইফ সাপোর্টে থাকা একজন মানুষের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্র খুলে নেওয়ার মতো সিদ্ধান্ত!’
মালয়েশিয়ার আশপাশ ছেড়ে ভারত মহাসাগরে অনুসন্ধান শুরুর পর থেকে সাতটি দেশ খরচের দায়িত্ব নিয়েছে। দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, চীন, জাপান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
এ ধরনের কাজে আগের অভিজ্ঞতা কী তা একটু খতিয়ে দেখা যাক। এয়ারফ্রান্সের ফ্লাইট ৪৪৭ খুঁজতে গিয়ে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযানটি চালানো হয়েছে। ২০০৯ সালে ব্রাজিল উপকূলের কয়েক শ মাইল দূরে বিধ্বস্ত হয় বিমানটি। দুই বছর ধরে এর অনুসন্ধানে ব্যয় হয়েছিল ১৬ কোটি ডলার। ওই তৎপরতায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা এ হিসাব দিয়েছেন। তবে মালয়েশীয় উড়োজাহাজের তল্লাশিকাজ অনেক বেশি জটিল। এর ব্যয় সম্ভবত এরই মধ্যে ১৬ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ব্যবহূত জাহাজগুলোর কোনো কোনোটি চালাতে দিনে লাখ লাখ ডলার লাগে। আর অত্যাধুনিক বিমানগুলোর মধ্যে কয়েকটি আছে, যেগুলো চালাতে ঘণ্টায় খরচ হয় বেশ কয়েক হাজার ডলার।
বিশেষজ্ঞরা বলছেন, বিমান দুর্ঘটনার তদন্ত ও অনুসন্ধানের ব্যাপারে দায়দায়িত্ব স্থির করা একটি আন্তর্জাতিক কনভেনশন থাকলেও খরচের বিষয়টি নিয়ে কোনো প্রটোকল বা চুক্তি নেই। তাদের ধারণা, ফ্লাইট এমএইচ ৩৭০ খোঁজার কাজে অংশ নেওয়া দেশগুলো যার যার নিজের খরচের অংশ বহন করবে সে সম্ভাবনাই সবচেয়ে বেশি।
এখন অনুসন্ধানকারীরা বিমানের ব্ল্যাক বক্সের সংকেত বা অন্য কিছুর ভিত্তিতে ধ্বংসাবশেষ নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারলে শুরু হবে অর্থব্যয়ের আরেক পর্ব। গভীর সাগরতলের উপযোগী যন্ত্রপাতি ও ডুবোযান দিয়ে অভিযান চালানো হবে। সাগরপৃষ্ঠ থেকে প্রায় তিন মাইল নিচ থেকে বিমানের ভাঙা টুকরা ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ এবং সম্ভবত লাশও উদ্ধার করতে হবে। কাজটা সহজ হবে না মোটেই।
অনুসন্ধানকাজের প্রধান সমন্বয়কারী অস্ট্রেলিয়ার অ্যাংগাস হিউসটন বলেছেন, ধ্বংসাবশেষের খোঁজ মিললেও তা উদ্ধার করতে মাসের পর মাস লাগতে পারে। তার মানে চড়তে থাকবে ব্যয়ের ব্যারোমিটার। এয়ারফ্রান্সের ফ্লাইট ৪৪৭-এর ক্ষেত্রে দুর্ঘটনার তদন্ত করেছিল ফ্রান্সের সরকারি সংস্থা ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যানালাইসিস। সাগরতলে অনুসন্ধান এবং সেখানে পাওয়া ধ্বংসাবশেষের পরীক্ষা-নিরীক্ষার কাজে তিন কোটি ডলারের বেশি খরচ করেছিল প্রতিষ্ঠানটি। এর মধ্যে মাত্র দেড় কোটির মতো দিয়েছিল এয়ারফ্রান্স ও বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। সাগরপৃষ্ঠে চালানো অনুসন্ধানের ব্যয় বহন করেছিল সংশ্লিষ্ট সরকারগুলো, যার মধ্যে ছিল ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
জাতিসংঘের সংগঠন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র অ্যান্টনি ফিলবিন জানালেন, কখনো কখনো এ ধরনের ব্যয়ভার একেকটি নির্দিষ্ট দেশ বহন করে, কখনো বা তা হয় যৌথভাবে।
এবার অনুসন্ধান দক্ষিণ ভারত মহাসাগরে সরে আসার পর উল্লিখিত সাতটি দেশই মূলত সব ব্যয়ভার বহন করে আসছে। এ দেশগুলো অন্তত ১০টি সামরিক নৌযান, একটি মেরু এলাকার সরবরাহ জাহাজ, ১৪টি সামরিক বিমান ও পাঁচটি বেসামরিক বিমান ব্যবহার করেছে। বিভিন্ন দেশের অন্তত সাতটি বাণিজ্যিক জাহাজও অভিযানে অংশ নিয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য পাঠিয়েছে একটি জরিপ জাহাজ ও একটি পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ। বিমান লাপাত্তা হওয়ার পর পর দক্ষিণ চীন সাগর থেকে মালাক্কা প্রণালি পর্যন্ত এলাকায় একের পর এক দেশ ঝাঁকে ঝাঁকে বিমান আর জাহাজ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তখনকার খরচের হিসাব ধরা হয়নি।
অনুসন্ধান অভিযানে যুক্ত দেশগুলোর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের খরচের তথ্য প্রকাশ করেছে। মার্চের শেষ পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তল্লাশি অভিযানে অংশ নেওয়া সে দেশের জাহাজ ও বিমানের পেছনে ব্যয় করেছে প্রায় ৩৩ লাখ ডলার। মন্ত্রণালয় আরও ৩৬ লাখ ডলার বাজেট ধরে রেখেছে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সরকার অনুসন্ধানকাজের প্রথম তিন সপ্তাহে সাড়ে পাঁচ লাখ ডলারের বেশি খরচ করেছে।
ফ্লাইট এমএইচ ৩৭০-এর হদিস বের করতে স্যাটেলাইট ছবি ও রাডার তথ্য সংগ্রহ এবং পাইলটসহ যাত্রীদের অনেকের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্যও ইতিমধ্যেই ব্যয় হয়েছে লাখ লাখ ডলার।
সেন্টার ফর পাবলিক পলিসি স্টাডিজের চেয়ারম্যান রমন নবরত্নম বলেন, ফ্লাইট ৩৭০ এর রহস্য উদ্ঘাটন করতে পারলে ভবিষ্যতে এ ধরনের বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারে—এ সম্ভাবনার কারণেই দেশগুলোর উচিত এ নিয়ে দ্বিধা না করে সাধ্যমতো ব্যয় করা।
খরচের অঙ্ক ক্রমেই ফুলে-ফেঁপে উঠতে থাকায় এ নীতিকথায় কে কতটা কান দেয় তা-ই এখন দেখার বিষয়।
সুমন কায়সার, তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস ও বিভিন্ন বার্তা সংস্থা