খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রোগমুক্ত ফুসফুস
ধূমপান ছেড়ে দেওয়া এবং দানাদার শস্যসমৃদ্ধ খাবার গ্রহণের পাশাপাশি অসম্পৃক্ত (পলিআনস্যাচুরেটেড) চর্বি এবং বাদামজাতীয় খাবার আপনার ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। ব্রিটিশ মেডিকেল জার্নাল প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফুসফুসের জটিল অসুখগুলোর মধ্যে রয়েছে এমফিসেমা এবং ব্রংকাইটিস। এগুলো শ্বাসপ্রশ্বাসে বাধা তৈরি করে এবং শরীরজুড়ে অক্সিজেনের প্রবাহ সীমিত করে দেয়। বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর শীর্ষ কারণগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ফুসফুসের এসব রোগ। এগুলোর আক্রমণ থেকে রেহাই পেতে প্রচুর পরিমাণে শাকসবজি, দানাদার শস্য, অসম্পৃক্ত চর্বি, বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর লাল ও প্রক্রিয়াজাত মাংস, পরিশোধিত শস্যদানা ও চিনি মেশানো পানীয় যতটা সম্ভব কম খেতে হবে। যুক্তরাষ্ট্রে ১৯৮৪ থেকে ২০০০ সাল পর্যন্ত এক জরিপে অংশগ্রহণকারী অন্তত ১ লাখ ২০ হাজার মানুষের স্বাস্থ্য ও জীবনযাপনের অভ্যাসের তথ্য-উপাত্ত ওই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। আইএএনএস।