খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় দর্শক, আসতে ইচ্ছে করে না, তবু আসতে হয়। দেশে এত সমস্যা, যেগুলোর মূলে কুঠারাঘাত তো কাউকে না কাউকে করতেই হবে। সমাধানই সব নয়, চিহ্নিতও করতে হয়। সমস্যার সমাধান হবে কি না, সে নিশ্চয়তা আমরা দিতে পারব না, কিন্তু সমস্যাগুলো জাতির সামনে তুলে ধরাই বা কম কিসে!
এই প্রতিবেদন যখন দেখছেন, তখন আপনি নিশ্চয়ই ক্ষুধার্ত। চুলায় গ্যাস নেই, রান্না হবে কীভাবে? আর রান্নাই যদি না হয় শুকনো খাবারেও বা আর কদিন চলে! ধৈর্যের পরীক্ষা মনে হয় একেই বলে। যা হোক, যেখানে গ্যাসই বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ, সেখানেই এই অবস্থা! কী রহস্য এর পেছনে? প্রাকৃতিক গ্যাসের মজুত শেষ হয়ে যাওয়ার ব্যাপারটা কি প্রাকৃতিক, নাকি কৃত্রিম? কোন কোন কারণ আছে এর পেছনে? সেটাই জানার চেষ্টা করব আমরা আজ।
২৭টি গ্যাসক্ষেত্র রয়েছে এ দেশে, যার প্রথমটি আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে, সিলেটের হরিপুরে এবং সর্বশেষ গ্যাসক্ষেত্রটি পাওয়া যায় কুমিল্লায়। সব কটি দিয়ে আমাদের তো ভালোভাবে চলে যাওয়ার কথাই, রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভব। কিন্তু সেটা তো হচ্ছে না ঠিকমতো।
চলুন, প্রথমেই ঘুরে আসি ব্রাহ্মণবাড়িয়া থেকে, যেখানে নাকি গ্যাসের মজুত এতই বেশি যে সবাই গ্যাস নিয়ে খেলাধুলা করে। ভাবছেন গ্যাস নিয়ে আবার কিসের খেলা? একটু ধৈর্য ধরুন, খেলা কিসের, সবই পরিষ্কার হয়ে যাবে। এখানে চান্দু গ্যাসক্ষেত্রে গ্যাস তোলার দায়িত্বে আছে পাতালপুরী অয়েল লিমিটেড। কমাস ধরে এখানে গ্যাসের উত্তোলন প্রায় শূন্যের কোঠায়। কিন্তু কেন? জনৈক ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অনেক অনুরোধের পর তিনি বললেন, শীতকালে গ্যাস জমে বরফে পরিণত হয়। বরফ আকৃতির গ্যাস উত্তোলনের সরঞ্জাম বাংলাদেশে নেই। তাই এখন গ্যাসের এত সংকট!
বললেই হলো! কর্তাব্যক্তিদের উদর দেখে অবশ্য আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম যে গ্যাস আসলে কোথায় যায়!
এই যখন ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা, কুমিল্লায় কী হচ্ছে দেখা যাক। ক্যামেরা দেখামাত্রই এ অঞ্চলের রুপা গ্যাসক্ষেত্রের দায়িত্বে থাকা পামপট্টি অয়েল কোম্পানির কর্মকর্তারা স্থানীয় প্রভাবশালী বাচ্চাকাচ্চা নিয়ে আমাদের ওপর হামলা করে। সাংবাদিক চুন্নু গুরুতর আহত হয়ে সাত দিনের কোমায় আছেন এখন। ঘটনাস্থল পর্যবেক্ষণে জানা যায়, পামপট্টি অয়েল কোম্পানি বেশ কদিন হলো এখানে কাজ পেয়েছে। গ্যাস উত্তোলনে নাকি এরা এতই দক্ষ যে প্রথম সাত দিনেই তারা সব গ্যাস উত্তোলন করে ফেলেছিল। পাইপলাইন এত প্রেশার নিতে পারেনি, সব গ্যাস উড়ে গেছে। এবার নাকি তারা বাজি কোম্পানির পাইপ লাগাবে, শক্ত, মজবুত, ফাটবে না। আর গ্যাসও নাকি পালাতে পারবে না। আসলেই কি তাই? আমাদের অনুসন্ধানে বের হয়ে আসে, পামপট্টি অয়েল কোম্পানির সহসভাপতি সবার চোখকে ফাঁকি দিয়ে বেলুনের ব্যবসা শুরু করেছেন। গ্যাস তাই বেলুন ফোলাতেই ব্যবহার করছেন তিনি। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাঁর বেলুন কোম্পানিতে সব বেলুন ফোলানো হয় মুখ দিয়ে, ফুসফুসের বাতাস দিয়ে। মিডিয়াকে বেশি বাড়াবাড়ি না করতেও হুমকি দেন তাঁরা। বিশ্বাস হচ্ছে তাঁর কথা? তাহলে সিদ্ধান্তের গুরুদায়িত্ব ছেড়ে দিলাম আপনাদের হাতেই।
এবার আমরা যাব সিলেটে। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ এক অঞ্চল। এখানে গ্যাস উত্তোলনের দায়িত্বে আছে সুসম্পর্ক অয়েল লিমিটেড। এই এলাকার মানুষের অভিযোগ, গ্যাসের সংকটে নাকি তারা সারা বছরই ভোগে। যেখানে গ্যাসের প্রাচুর্য, সেখানে কেন হচ্ছে এ অবস্থা? চলুন, কর্মকর্তারা কী বলছেন শুনে আসি। তবে দাঁড়ান, নিজেদের একটু শক্ত করে নিন। কারণ, এই অয়েলের এমডি যা বললেন, তাতে মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা হবে আপনার!
জানুয়ারি মাসের প্রথম দিকে এ দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কেন্দ্রস্থল থেকে সিলেটের রিকশা দূরত্ব। এমডি সাহেবের মতে ভূমিকম্পের পর নাকি তারা গ্যাসক্ষেত্রে গ্যাসের সন্ধানই পাচ্ছেন না! পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাও একই সুরে দাবি করলেন, ‘ভূমিকম্পে অত্র এলাকার ভূ-অভ্যন্তরে ব্যাপক পরিবর্তন হয়েছে। সিলেটের মাটি অন্য দেশে, অন্য দেশের মাটি সিলেটে এসে পড়েছে। তাই এখন ভূ-অভ্যন্তর ফাঁকা, কিছু নেই। এ কারণেই নাকি গ্যাসের সংকট।
নিজেরাই তো দেখলেন। এখন তাদের কথা কি অবিশ্বাস করবেন, নাকি বিশ্বাস করে গ্যাসের ওপর নির্ভরতা কমাবেন? সেই সিদ্ধান্ত আপনাদের।
একদিকে তেলের দাম বাড়ছে, অন্যদিকে কমছে গ্যাসের মজুত। এ রকম হাজারো সমস্যা আপনাদের চারপাশে। আমাদের ঠিকানায় আপনাদের সমস্যাগুলো লিখে পাঠান। কেরামতি হয়তো আমাদের জানা নেই কিন্তু অসংগতিগুলো তুলে ধরার দায়িত্ব আমাদের কাঁধেই থাকবে। আজ যাচ্ছি, কিন্তু ভাববেন না একেবারেই চলে যাচ্ছি। আমাদেরও তো অনুষ্ঠান চালাতে হবে, নাকি! বিদায়।