খুদে বার্তায় বাঁচে প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনের একটি খুদে বার্তা (এসএমএস) জীবন বাঁচিয়েছে চা-শ্রমিক গীতা টমাসের। হাতির পাল এসে ঘরবাড়ির পাশাপাশি হয়তো তাঁকেও শেষ করে দিত। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাডু রাজ্যের ভালপারাই এলাকায় হাতির আক্রমণে মানুষের মৃত্যু ঠেকাতে নেচার কনজারভেশন ফাউন্ডেশন (এনসিএফ) নামের একটি প্রতিষ্ঠান এভাবেই লোকজনকে এসএমএস সতর্কবার্তা পাঠায়। হাতির চলাচল এনসিএফ পর্যবেক্ষণ করে।
রাজ্যের ভালপারাই এলাকায় ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত হাতির আক্রমণে ৪১ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৩৬ জনকেই আগাম সতর্কতা দিয়ে বাঁচানোর সুযোগ ছিল। গবেষণায় এ রকম তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১২ সালে এসএমএস-সতর্কতা চালু করে এনসিএফ। এখন এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে প্রায় দেড় হাজার মানুষকে ইংরেজি ও তামিল ভাষায় এসএমএস পাঠিয়ে সতর্ক করা হয়। এতে বার্ষিক মৃত্যুর হার তিন থেকে একজনে নেমে এসেছে। এএফপি।