খুদে বিজ্ঞানীদের প্রকল্প নিয়ে উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আয়োজকেরা।
‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আয়োজকেরা।

দেশের খুদে বিজ্ঞানীরা তৈরি করেছে নানা প্রকল্প। সেই প্রকল্পগুলো নিয়ে উত্সব হবে ২৯ ও ৩০ আগস্ট। উত্সবের নাম ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪’।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) আয়োজনে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে এ উত্সব। এতে সহযোগিতা করছে বাংলাদেশ বিজ্ঞান জাদুঘর। আর এটি অনুষ্ঠিত হবে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে।

দেশের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর দক্ষ করে তোলার লক্ষ্যে গত বছর থেকে শুরু হয় শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। ২৯ আগস্ট কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এশিয়া-প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মো. হুমায়ুন কবির খান।

এ ছাড়া ৩০ আগস্ট সমাপনী পর্বে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, কিশোরদের জন্য মাসিক ম্যাগাজিন কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ আরও অনেকে।

বিজ্ঞান কংগ্রেসের বিস্তারিত তুলে ধরতে আজ মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কংগ্রেসের নানা বিষয় তুলে ধরেন কংগ্রেসের আহ্বায়ক ও এসপিএসবির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী।

ফারসীম মান্নান বলেন, ‘শিক্ষার্থীদের বৈজ্ঞানিক পদ্ধতির ওপর আগ্রহী করে তোলাই এ উত্সবের উদ্দেশ্য। শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর আগ্রহী করে তুলতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং আজম খান। তিনি বলেন, ‘বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার উদ্যোগ হিসেবে বিজ্ঞান কংগ্রেসের সঙ্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যুক্ত হয়েছে।’

বাছাইপ্রক্রিয়া

কংগ্রেস আয়োজকেরা জানান, বিজ্ঞান কংগ্রেসের এই উত্সব উপলক্ষে গত মে থেকে জুলাই পর্যন্ত সারা দেশে অনুষ্ঠিত হয় বিভিন্ন কার্যক্রম। এবারের আয়োজনে সারা দেশে মোট ১ হাজার স্কুলে প্রচার চালানো হয়। পরে সেখান থেকে ১০৪টি স্কুলের প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে চালানো হয় সচেতনতা কার্যক্রম। এ ছাড়া ৯০টি স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী নিয়ে পরিচালনা করা হয় বিশেষ কর্মশালা। আটটি শহরে তিন দিনব্যাপী কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৫০০ শিক্ষার্থী হাতে-কলমে বিজ্ঞানের প্রকল্প ও পোস্টার তৈরি করা শিখেছে। এ ছাড়া বিজ্ঞানের ১০০ জন শিক্ষক নিয়ে আয়োজন করা হয় সত্যেন বসু বিজ্ঞান ক্যাম্প ও ক্রিস অ্যানার্জি বিজ্ঞান শিক্ষক ক্যাম্প।

দুদিনের কংগ্রেস

কংগ্রেস উপলক্ষে বিশেষ বাছাইপর্বের মাধ্যমে তিনটি ক্যাটাগরিতে তিনটি বিষয়ে ব্যক্তিগত ও দলীয়ভাবে প্রায় ১০০০ শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধন শিক্ষার্থীদের মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য বিজ্ঞান প্রকল্প ১৬৩টি, বিজ্ঞান পেপার ১১১টি ও পোস্টার ৭৬টি নির্বাচন করা হয়।
এ ছাড়া হবে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। দুদিনের এ কংগ্রেসে থাকবে প্রকল্প ও পোস্টার প্রদর্শনী, নিবন্ধ উপস্থাপনের পাশাপাশি নেটওয়ার্কিং কার্যক্রম, যৌথ কংগ্রেস, রোবট ও ড্রোন প্রদর্শন, বিজ্ঞান বইয়ের মেলাসহ থাকবে নানা আয়োজন। দ্বিতীয় দিন পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে এবারের কংগ্রেস।

এ ছাড়াও কংগ্রেস থেকে সেরা ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সটির ক্যাম্পাসে আয়োজন করা হবে দ্বিতীয় জগদীশ বসু বিজ্ঞান ক্যাম্প।

কংগ্রেসের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রকমারি ডটকম, কিশোর আলো ও জিরো টু ইনফিনিটি। বিস্তারিত তথ্য জানা যাবে (www.facebook.com/cscongress) এবং কংগ্রেসের ওয়েবসাইট: (www.cscongress.org) -এ।