খুদে ব্যাটম্যানের ইচ্ছাপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরবাসীকে বাঁচাতে হাজির ব্যাটকিড!
শহরবাসীকে বাঁচাতে হাজির ব্যাটকিড!

১৫ নভেম্বর, রৌদ্রোজ্জ্বল এক সকাল। এই দিনটিকেই ব্যাংক ডাকাতির জন্য বেছে নিয়েছিল দুষ্টু ডাকাত রিডলার। একজনকে জিম্মি করে তাঁর গায়ে ভয়ংকর-দর্শন একটা বোমা বেঁধে দিয়ে ‘হু হো হা হা’ অট্টহাসি জুড়ে দিয়েছিল সে। কিন্তু বিধি বাম! ব্যাটা রিডলার তখনো জানে না, তাকে কাবু করতে ততক্ষণে রওনা হয়ে গেছে খুদে ব্যাটম্যান! শহরবাসী যাকে ‘ব্যাটকিড’ বলে ডাকে।

চোখের পলকে ঢাউস গাড়িটা নিয়ে ঘটনাস্থলে হাজির হয় ব্যাটকিড। রিডলারকে পুলিশের হাতে তুলে দিয়ে শহরবাসীকে রক্ষা করে। ছোট্ট একটা মানুষ, কী দুর্দান্ত তার সাহস! কিন্তু কে সে? কালো পোশাক আর মুখোশের আড়ালে কে লুকিয়ে ছিল, জানতে চাও? মাইলস স্কট, মাত্র পাঁচ বছর বয়স তার!

‘শাবাশ’!
‘শাবাশ’!

অথচ, এই চমৎকার গল্পের শুরুটা খুবই মন খারাপ করা। সেটাও বলছি শোন। মাইলস স্কট ছোট্ট মানুষ হলে কি হবে, এ বয়সেই লিউকোমিয়া নামে একটা কঠিন অসুখ করেছে ওর। হাসপাতালের বিছানায় সারা দিন মন খারাপ করে বসে থাকত সে। আকাশ-পাতাল কল্পনা করে সময় কাটাত। মনে মনে ভাবত, ‘একদিন যদি প্রিয় সুপারহিরো ব্যাটম্যানের মতো ঝাঁপিয়ে পড়ে দুষ্টুদের শায়েস্তা করতে পারতাম, কী মজাই না হতো!’ মাইলসের এই ইচ্ছেটাই জানতে পেরেছিল ‘মেইক আ উইশ’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। ইচ্ছাপূরণ দৈত্যের মতো তারা হাজির হয় মাইলসের সামনে। ঠিক করেছিল, তারা মাইলসের স্বপ্ন সত্যি করে দেবে!

এর পরের ঘটনা রীতিমতো রূপকথার মতো। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে তোলপাড় ফেলে দিয়েছিল মাইলসের একটা ছোট্ট ইচ্ছা। পুরো সানফ্রান্সিসকো শহর এক হয়েছিল ‘মেইক আ উইশ’ প্রতিষ্ঠানটির সঙ্গে, মাইলসের ইচ্ছা পূরণ করবে বলে। ব্যস, রাতারাতি সানফ্রান্সিসকো হয়ে গেল ব্যাটম্যানের গোথাম সিটি। ব্যাংক ডাকাতি, পেঙ্গুইন, বোমা—পুরো ঘটনাটিই সাজিয়েছিল ‘মেইক আ উইশ’, তাদের সাহায্য করেছে শহরের মানুষ। মাইলস স্কটকেও সাজানো হয়েছিল ব্যাটম্যানের সাজে। খোদ শহরের পুলিশ প্রধান মাইলসকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, ‘ব্যাটকিড, শহরটাকে বাঁচাও!’ এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামাও এক ভিডিও বার্তায় ব্যাটকিডকে জানিয়েছেন, ‘আরও অনেকটা পথ যেতে হবে মাইলস! গোথাম সিটিকে বাঁচাতে হবে!’

নির্দিষ্ট দিনে হাজার হাজার লোক জড়ো হয়েছিল ব্যাটকিডকে দেখতে। সবাই দাঁড়িয়ে দেখেছে দুঃসাহসী মাইলস স্কটের অভিযান! নানা রকম প্ল্যাকার্ড হাতে ব্যাটকিড লেখা টি-শার্ট পরে তারা স্বাগত জানিয়েছে ছোট্ট মানুষটাকে!

আর মাইলস স্কট? তার আনন্দ আর দেখে কে! কালো পোশাক আর মুখোশ পরে মাইলসকে দেখাচ্ছিলও একদম ব্যাটম্যানের মতোই! মাইলসের আনন্দ হাসি ফুটিয়েছে শহরবাসীর মুখে। দুষ্টু লোকদের মতো দুষ্টু অসুখটার সঙ্গেও যুদ্ধ করে জয় হোক ব্যাটকিডের, এখন এমনটাই সবার চাওয়া!

মো. সাইফুল্লাহ, সূত্র: দ্য গার্ডিয়ান