খুদে সৌরকোষে বেশি বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুদ্‌বুদের ওপর সোলার প্যানেল রাখলেও ফেটে যাবে না
বুদ্‌বুদের ওপর সোলার প্যানেল রাখলেও ফেটে যাবে না

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক এমন এক ধরনের সৌরকোষ (সোলার প্যানেল) তৈরি করেছেন, যা বড়জোর ২ মাইক্রোমিটার পুরু। পরিমাণটা ঠিক কতখানি তা বোঝাতে ছোট্ট এক উদাহরণ দেওয়া যেতে পারে। মানুষের নখ প্রতি মাসে গড়পড়তা ৩ মিলিমিটার বাড়ে। সে হিসেবে ২ মাইক্রোমিটার বাড়তে বড়জোর ৩০ মিনিট সময় লাগার কথা। এতটাই সূক্ষ্ম যে সাবানের বুদ্বুদের ওপর রাখলেও তা ফেটে যাবে না। অন্যদিকে ওজন আর কর্মক্ষমতার বিচারে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে এই সোলার প্যানেল।
অর্গানিক ইলেকট্রনিকস জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এমআইটির অধ্যাপক ভ্লাদিমির বুলোভিক, গবেষণা বিজ্ঞানী অ্যানি ওয়াং এবং ডক্টরাল শিক্ষার্থী জোয়েল জিন নব আবিষ্কৃত এই আলোক সংবেদনশীল কোষের কথা প্রকাশ করেন। ধুলা এবং অন্যান্য কণা থেকে রক্ষার জন্য কোষগুলোকে বায়ুশূন্য চেম্বারে সাজানো হয়েছে। আলোক সংবেদনশীল স্তরগুলোর ওপর প্যারিলিনের পাতলা আস্তরণ দেওয়া থাকবে।
উদ্ভাবকেরা তাঁদের ধারণা এবং প্রোটোটাইপ উপস্থাপন করেছেন। তবে বাণিজ্যিক উৎপাদনের জন্য তা কতটা উপযুক্ত, তা এখনো জানার সুযোগ হয়নি। গবেষক দলের সদস্যদের বিশ্বাস, তাঁদের এই আবিষ্কার সৌরশক্তি ব্যবহারের নতুন দ্বার উন্মোচন করেছে। তবে খুব পাতলা হলেও বাণিজ্যিক উৎপাদনে এই প্যানেল কিছুটা পুরু করে তৈরি করে ইলেকট্রনিকস যন্ত্রপাতি তো বটেই, এমনকি পরিধেয় বস্ত্রে যোগ করে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এমআইটি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিভার্সিটি অব মিশিগানের ম্যাটেরিয়াল বিজ্ঞান এবং প্রকৌশলের অধ্যাপক ম্যাক্স স্টেইন সে কথাই জানিয়েছেন। তিনি বলেন, ওজন কমিয়ে বেশি শক্তি উৎপাদনে এই আবিষ্কার বেশ কাজে দেবে। একই সঙ্গে যেকোনো বস্তুর ওপর এই কোষগুলোর পাতলা আস্তরণ নতুন শক্তির সন্ধান দেবে।
সৌরকোষ তৈরিতে সাধারণত উচ্চতাপ এবং রাসায়নিক পদার্থের দরকার হয়। কিন্তু নতুন এই কোষগুলো স্বাভাবিক তাপমাত্রায় তৈরি করা যাবে। গবেষকদের বিশ্বাস, পাতলা এই সৌরকোষ বাণিজ্যিক পণ্য উৎপাদনের জন্য যথেষ্ট টেকসই করা সম্ভব হবে।
এমআইটি নিউজ অবলম্বনে