খুনের অভিযোগ অস্বীকার করেছেন ম্যাকাফি
অ্যান্টি ভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফি সম্প্রতি তাঁর বিরুদ্ধে উত্থাপিত গ্রেগরি ফাউল নামের এক মার্কিন নাগরিককে খুনের অভিযোগটি অস্বীকার করেছেন। মধ্য আমেরিকার দেশ বেলিজের পুলিশ জন ম্যাকাফিকে সন্দেহ করছেন। পুলিশের সন্দেহ, গ্রেগরি ফাউলের সঙ্গে বনিবনা না হওয়ায় তাঁকে গুলি করেছেন ম্যাকাফি। পুলিশ এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। বর্তমানে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আত্মগোপন করেছেন তিনি। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।এদিকে অজ্ঞাতবাসে থাকা জন ম্যাকাফি এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রতিবেশী মার্কিন নাগরিক গ্রেগরি ফাউলের ওপর তিনি যথেষ্ট বিরক্ত ছিলেন তবে তাঁকে খুন করেননি তিনি। পুলিশের ভয়ে বেলিজেই আত্মগোপন করে আছেন তিনি। তাঁর ভয়, পুলিশ তাঁকে ধরতে পারলে মেরে ফেলতে পারে।উল্লেখ্য, ১০ নভেম্বর ম্যাকাফির প্রতিবেশী গ্রেগরি ফাউলকে নিজ বাড়িতে মৃত পাওয়া যায় । তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে জন ম্যাকাফিকেই সন্দেহ করছে। এর আগে তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগ আনা হয়েছিল।পুলিশকে সাহায্য করার জন্য জন ম্যাকাফির কাছে অনুরোধ করেছেন বেলিজের প্রধানমন্ত্রী ডিন ব্যারো।উল্লেখ্য, জন ম্যাকাফির সঙ্গে বর্তমানে ম্যাকাফি অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠানটির কোনো সম্পর্ক নেই। ১৯৯০ সালের শুরুতে তিনি ম্যাকাফি বিক্রি করে দেন। চার বছর আগে থেকে তিনি বেলিজে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তাঁর বিরুদ্ধে মাদক তৈরি, সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।