খুনের অভিযোগ প্রত্যাখ্যান করলেন ম্যাকাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্টি ভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি। সম্প্রতি সফটওয়্যারটির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফির বিরুদ্ধে একজন মার্কিন নাগরিককে খুনের অভিযোগ উত্থাপিত হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হলেও বর্তমানে ম্যাকাফি ইনকরপোরেটেডের সঙ্গে জন ম্যাকাফির কোনো সম্পর্ক নেই। ১৯৯০ সালে তিনি প্রতিষ্ঠানটি বিক্রি করে দিয়েছেন। নিজের বিরুদ্ধে উত্থাপিত এমন অভিযোগ অস্বীকার করেছেন জন ম্যাকাফি। মার্কিন নাগরিক গ্রেগরি ফাউলকে খুনের দায়ে মধ্য আমেরিকার দেশ বেলিজের পুলিশ জন ম্যাকাফিকে সন্দেহ করে। পুলিশের ধারণা, ম্যাকাফির প্রতিবেশী নাগরিক গ্রেগরি ফাউলের সঙ্গে নানা বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। আর এতেই ক্ষিপ্ত হয়ে তাঁকে গুলি করে হত্যা করেছেন ম্যাকাফি। এ বিষয়টি নিয়ে পুলিশ ম্যাকাফিকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। আর পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আত্মগোপনে আছেন তিনি। বর্তমানে আত্মগোপনে থাকা জন ম্যাকাফি জানিয়েছেন, তিনি তাঁর প্রতিবেশী গ্রেগরি ফাউলের ওপর বিরক্ত ছিলেন, তবে তাঁকে তিনি খুন করেননি। পুলিশের ভয়ে বেলিজেই আত্মগোপনে থাকলেও পুলিশ তাঁকে ধরলে মেরে ফেলতে পারে, এমন আশঙ্কায় আছেন তিনি। ১০ নভেম্বর ম্যাকাফির প্রতিবেশী গ্রেগরি ফাউলকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা যায়। এর আগে জন ম্যাকাফির বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগ আনা হয়েছিল। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম