খুলনা ও কুষ্টিয়ায় মোবাইল অ্যাপস প্রশিক্ষণ
জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির আওতায় খুলনা ও কুষ্টিয়ায় শুরু হয়েছে পাঁচ দিনের প্রশিক্ষণ কার্যক্রম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের উদ্যোগে এমসিসি লিমিটেডের পরিচালনায় গতকাল খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া সার্কিট হাউসে প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়। পৃথক এ দুটি প্রশিক্ষণে খুলনা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন। এ প্রক্রিয়ায় খুলনা জেলায় ৬৩ জন এবং কুষ্টিয়া জেলায় ৪২ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। খুলনা জেলায় প্রথম দিনের প্রশিক্ষণের শুরুতে জেলার সহকারী জেলা প্রশাসক মো. গোলাম মোস্তফা, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক মো. মাহবুবুর রহমান, এমসিসি লিমিটেডের উপপরিচালক এফ এম শাহ পারভেজসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইসিটি সচিব নজরুল ইসলাম খান ঢাকা থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কুষ্টিয়া জেলায় কর্মশালার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জেলার সহকারী জেলা প্রশাসক মো. মুজিব-উল-ফেরদৌস, আর আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রাসেল আহমেদ, এমসিসি লিমিটেডের আসিফ আহমেদ।
কর্মসূচির আওতায় পাঁচ দিনে শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। পরবর্তী সময়ে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণের শেষ দিকে শিক্ষার্থীরা অ্যাপ্লিকেশন তৈরি করবেন। প্রশিক্ষণার্থীরা জাতীয় পর্যায়ের অ্যাপ্লিকেশন নির্মাণ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবেন। এ প্রকল্প বাস্তবায়নে এমসিসি লিমিটেডের সঙ্গে রয়েছে ইএটিএল। —বিজ্ঞপ্তি