খুলনা ও গোপালগঞ্জে গণিত জয়ের উৎসব
রূপন্তী স্বপ্ন কারিগরের কাছে বিভিন্নজনের স্বপ্ন জানতে চায়। স্বপ্ন কারিগর এক এক করে শিক্ষার্থী, পরিবেশবিদ, গণিতবিদ, রাজাকার এবং মুক্তিযোদ্ধার স্বপ্ন নিয়ে রূপন্তীর সামনে হাজির হয়। খুলনা গণিত উৎসবের সাংস্কৃতিক পর্বে খুলনা বন্ধুসভার বন্ধু শাওনের পরিকল্পনা ও পরিচালনায় মঞ্চায়িত রূপন্তীর স্বপ্নতে ছিল এমন আয়োজন। খুলনা জিলা স্কুলে অনুষ্ঠিত গণিতের এই আয়োজনে বাগেরহাট, সাতক্ষীরা আর খুলনার শিক্ষার্থীরাও নিবিষ্ট মনে তাদের স্বপ্ন শোনে। এতে রূপন্তীর মতো অন্য খুদে গণিতবিদেরাও ‘রাজাকার’ বাদে অন্য সবার স্বপ্ন ধারণ করতে চায়। এ ছাড়া সমার্পণ বিশ্বাস, ফাইজা হোসেন ও চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’খ্যাত শিল্পী নরমিন পুঁথির গান উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মুগ্ধ করে। সংগীতের মধ্যে নৃত্য পরিবেশন করে শাহরিয়া তাবাসসুম। খুলনা বন্ধুসভার বাংলাদেশের মানচিত্রের চারদিকে সবুজ আর লাল বৃত্তের দেয়াল পত্রিকাটির পুরোটাই সাজানো হয় উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের লেখা নিয়ে। এখান থেকে বেছে নেওয়া তিনটি সেরা লেখার লেখককে পুরস্কৃত করা হয়। মূল আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীরা ছিল নানা ধরনের গণিতের সমাধান আর আলোচনায় ব্যস্ত। খুলনা জিলা স্কুলে অনুষ্ঠিত আঞ্চলিক গণিত উৎসবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক শিবেন্দ্র শেখর শিকদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক সরদার ফিরোজ আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক রাশেদ তালুকদার, খুলনা সরকারি বিএল কলেজের গণিতের শিক্ষক কে এম রব্বানী, ডাচ্-বাংলা ব্যাংক খুলনার ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল আলম এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান।গোপালগঞ্জে বৃষ্টির মতো কুয়াশা!!!‘শীতের প্রকোপ যেন আজ তাকে ছুঁতে পারছে না। সবার আগে ঘুম থেকে উঠে সে আমাদের ঘুম ভাঙায় এবং নিজে প্রস্তুত হয় গণিত উৎসবে অংশ নেওয়ার জন্য।’ এমনটাই জানালেন এস এম জোবায়ের হোসেনের মা। জেহান ভালো গান গায়। ফলাফলে দেখা গেল, শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয়, গণিতেও তার যথেষ্ট দক্ষতা আছে। জেহান জুনিয়র ক্যাটাগরিতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—স্লোগান নিয়ে ২১ ডিসেম্বর গোপালগঞ্জ আঞ্চলিক উৎসব সম্পন্ন হয়। গোপালগঞ্জের উৎসব মাতিয়েছে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭৮৭ জন খুদে গণিতবিদ। বৃষ্টির মতো কুয়াশাঘেরা দিনেও এস এম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। উৎসব প্রাঙ্গণের প্রবেশদ্বারে আসামাত্রই বেজে উঠছিল বাদ্যবাজনা। বাজনার তালে তালে শিক্ষার্থীদের মন যেন নেচে ওঠে। গণিতমেজাজি শিক্ষার্থীরা শীতের সকালটা উপভোগ করছিল। তাদের কেউ এসেছে মা-বাবাকে সঙ্গে নিয়ে, আবার কেউ এসেছে শিক্ষকদের সঙ্গে।জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আয়োজন। এ সময় শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানায়। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা নিজ আসনে গিয়ে এক ঘণ্টা ১৫ মিনিটের শ্বাসরুদ্ধকর পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে অভিভাবকদের উৎকণ্ঠার কোনো কমতি নেই। পরীক্ষাশেষে গণিতের গান দিয়ে শুরু হয় বন্ধুসভার বন্ধু ও শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক পর্ব। তারা একের পর এক গান ও নৃত্য পরিবেশন করে সবার মনকে করে তোলে আরও উৎফুল্ল। সাংস্কৃতিক পর্বের মূল প্রতিপাদ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার অঙ্গীকার। পরে খুদে গণিতবিদদের বিভিন্ন প্রশ্নে উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। গণিত এসেছে কীভাবে, ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না কেন, গণিত কি সত্য, না আপেক্ষিক—শিক্ষার্থীদের এমন নানা প্রশ্নের মধ্য দিয়ে এগিয়ে চলে অনুষ্ঠান। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান পরিচালিত এ পর্বে মঞ্চ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক রাশেদ তালুকদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিমাদ্রি শেখর চক্রবর্তী, দীপঙ্কর কুমার সরকার ও গণিতবিদ সৌমিত্র চক্রবর্তী। এ সময় শিক্ষার্থীরা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে পুরস্কার ছিনিয়ে নেয়। এ পর্বের শেষে রুবিক কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্রুত এ সমস্যার সমাধান করে পুরস্কার জিতে নেয় ফরিদপুর ও রাজবাড়ীর দুই খুদে গণিতবিদ।দেশকে মায়ের মতো ভালোবাসা, মিথ্যা, মুখস্থ ও মাদককে না বলা—এসব অঙ্গীকারের মধ্য দিয়ে শুরু হয় সমাপনী পর্ব। এ পর্বে এস এম মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয়। আমন্ত্রিত গুণীজনেরা শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে গণিত করার উপদেশ দেন। পরে চার ক্যাটাগরিতে গোপালগঞ্জ আঞ্চলিক উৎসব থেকে ৫০ জন খুদে গণিতবিদকে জাতীয় উৎসবের জন্য নির্বাচন করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদ। পরিয়ে দেওয়া হয় বিজয়ীর মেডেল ও বিজয়ী টি-শার্ট। ‘আমরা করব জয়’— এ গানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়। শিক্ষার্থীরা যার যার গন্তব্যে যেতে ব্যস্ত। এমন আয়োজন নিয়েই এগিয়ে চলছে গণিত উৎসব ২০১২।