খুলনা থেকে ২১ হাজার কিলোমিটার সাইকেলযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিতে উৎসাহিত করতে খুলনা থেকে বাংলাদেশের ২১ হাজার কিলোমিটার সাইকেলভ্রমণে বের হয়েছে ১১ সদস্যবিশিষ্ট খুলনার একটি দল। গত বৃহস্পতিবার বেলা ১১টা ১১ মিনিটে ভ্রমণকারী দলটি সারা বাংলাদেশ ভ্রমণের উদ্দেশে খুলনা জেলা প্রশাসন চত্বর থেকে রওনা হয়। দলটি যাত্রার প্রথম দিনে খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রাবিরতি করে। দলটি ২০১১ সালের ১১ নভেম্বর পর্যন্ত সাইকেলে করে দেশের ৬৪টি জেলার ৪৮৩টি উপজেলা সফর করবে। বাংলাদেশ ডিবেটিং সোসাইটি সুন্দরবনের পক্ষে ভোট দিতে উৎসাহিত করতে এবং ভোট সংগ্রহ করতে এ কার্যক্রম হাতে নিয়েছে। খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্যরা এ দলের সদস্য হিসেবে রয়েছে। সাইকেলভ্রমণ দলের যাত্রা উপলক্ষে জেলা প্রশাসন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী আ ন আহম্মদ আলী, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মেজর (অব.) প্রকৌশলী বি এম আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা গাজী রহমতউল্লাহ দাদু (বীর প্রতিক), ভাষাসৈনিক সমীর আহমেদসহ অনেকে। ভ্রমণ চলাকালে সুন্দরবনের পক্ষে প্রচারণাকারী দলটি প্রত্যেক জেলার ২৫ জন বিশিষ্ট ব্যক্তির সুন্দরবনের পক্ষে ভোটদানের বিবৃতি সংগ্রহ ও প্রচারের ব্যবস্থা, জেলা ও উপজেলায় ভোটদান ক্যাম্প স্থাপন, সুন্দরবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, সুন্দরবনভিত্তিক সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে। এ বিষয়ে অভিযাত্রী দলের ব্যবস্থাপক এ এইচ এম জামাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘খুলনাবাসীর ভালোবাসা ও আশীর্বাদে আমরা সিক্ত হয়ে যাত্রা শুরু করেছি। বায়ন্ন ও একত্তরে আমরা যেমন ভাষা ও মুক্তির সংগ্রামে জয়ী হয়েছি, তেমনি সুন্দরবনকে বিজয়ী করার যুদ্ধেও আমাদের জয়ী হতে হবে। সুন্দরবনকে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এ কাজের মাধ্যমে আমরা সুন্দরবনের পক্ষে এক কোটি ভোট সংগ্রহের এবং ১০ কোটি মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করব বলে আশা করছি। খুলনাবাসীর অকৃত্রিম সহযোগিতা পাচ্ছি এবং সারা দেশের মানুষের সহযোগিতায় আশা করছি, আমরা আমাদের লক্ষ্য বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে নির্বাচিত করতে পারব।’—খুলনা অফিস