খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দাবিতে অনশন, ২৭ শিক্ষার্থী অসুস্থ
পরীক্ষা শুরুর দাবিতে অনশনের তৃতীয় দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ২৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
গত রোববার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন জীববিজ্ঞান স্কুলের সাতটি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন মির্জা ওমর ফারুক (মনি), রবিউল ইসলাম, কামাল, আসাবুর রাহমান, অভিজিত্ বিশ্বাস, লোকমান হোসেন, হামিদুল ইসলাম, ছালমা আক্তার (সুমী), আরিফুর রহমান, উত্তম, চৈতন্য, লিয়ন, মোশারফ, সুস্মিতা পাল, পারভেজ, সৈকত, বিশ্বজিত্, পারমিতা, আরিফুল ইসলাম, কিশোর সরকার, রাশেদ, রুদ্র, অন্তরা, মো. আবু সাইদ, মো. ফাহাদ, কামাল হোসেন ও বাবু। তাঁদের অনেককে এখন স্যালাইন দেওয়া হচ্ছে।
এ ছাড়া গতকাল সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন অনিরুদ্ধ দাস ও শামিম হোসেন।
শিক্ষার্থীদের অসুস্থতা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের হেলথ সেন্টারের প্রধান চিকিত্সক মোশারেফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘অসুস্থদের মধ্যে মনির অবস্থা খুব খারাপ। তাঁর উচ্চ রক্তচাপ ১৭০/১১৫। আর বাবুর উচ্চ রক্তচাপ ১৬০/১০০। এখনই হাসপাতালে না নিলে তাঁরা স্ট্রোক করে মারা যেতে পারেন। বাকিদের রক্তে শর্করা দ্রুত কমে যাবে। একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাঁরা যেকোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবেন। তখন বড় ধরনের ক্ষতি হবে তাঁদের। আমি প্রশাসনকে বারবার বিষয়টি জানাচ্ছি।’
গুরুতর অসুস্থ মির্জা ওমর ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা মারা গেলে স্যারেরা খুশি হবেন। তা না হলে আমাদের জিম্মি করে তাঁরা রাজনীতি করতে পারতেন না। আমি মৃত্যুর জন্য এখানে পড়ে আছি। আমার মৃত্যু হয়তো তাঁদের রাজনীতির সমাধান করে দেবে।’
অপর অসুস্থ শিক্ষার্থী মো. ইমরান হোসেন বলেন, ‘সোমবার রাতে ৩৮ জন মেয়েসহ আমরা অনশন করে রাত কাটালাম। কিন্তু একজন শিক্ষকও আমাদের দেখতে আসেননি। শিক্ষকেরা দিব্বি সকালে গাড়িতে করে আসেন আর বিকেলে চলে যান। তাঁদের বাড়িতে কি কোনো সন্তান নেই?’
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, ‘শিক্ষার্থীরা এখন নিরুপায়। আমি শিক্ষকদের প্রতি আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের জিম্মি না করে তাদের পরীক্ষার নেওয়ার জন্য এগিয়ে আসতে। প্রশাসন সব ধরনের সাহায্য করবে।’
উল্লেখ্য, জীববিজ্ঞান স্কুলের টার্ম ফাইনাল পরীক্ষা ২৩ জুন ঘোষণা করা হয়। কিন্তু ওই স্কুলের ডিন নিয়োগ নিয়ে শিক্ষকেরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এরপর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে।পরীক্ষার দাবিতে ২৪ জুন শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও প্রধান গেটে তালা দিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা সামনের সড়কও অবরোধ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষকেরা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের জন্য ২৬ জুন পর্যন্ত সময় নেন। তবে কবে পরীক্ষা হবে সে বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেননি। ২ জুলাই শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে মানববন্ধন করেন। ৩ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা ঘোষণা দেন, ৭ জুলাই বেলা একটার মধ্যে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলে আমরণ অনশনে যাবেন তাঁরা।