খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আমরণ অনশন, অসুস্থ ৬
পরীক্ষা শুরু করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা আজ সোমবার দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। এতে অনশনরত ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন মির্জা ওমর ফারুক, অভিজিত্ বিশ্বাস, মো. রবিউল ইসলাম, আবু সাইদ, মো. আসাবুর রহমান ও অনিরুদ্ধ দাস। তাঁঁদের মধ্যে তিনজনকে স্যালাইন দেওয়া হচ্ছে।
গতকাল রোববার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে জীববিজ্ঞান স্কুলের সাতটি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ অনশন কর্মসূচি শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের হেলথ সেন্টারের প্রধান চিকিত্সক মো. মোশারেফ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে যেতে বলেছি। কিন্তু তারা রাজি হচ্ছে না। এভাবে চলতে থাকলে তাদের রক্তে শর্করা দ্রুত কমে যাবে। কিডনি নষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলবে। এমনকি মারাও যেতে পারে।’
আজ দুপুরে অনশনরত শিক্ষার্থীরা প্রথম আলো ডটকমকে জানান, টানা ২৪ ঘণ্টা অনশনে অনেক শিক্ষার্থী ক্লান্ত হয়ে পড়েছেন। আজ সকাল পর্যন্ত ছয়জন অসুস্থ হয়েছেন। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন বলে শিক্ষার্থীরা জানান।
জানা গেছে, জীববিজ্ঞান স্কুলের টার্ম ফাইনাল পরীক্ষা গত ২৩ জুন ঘোষণা করা হয়। কিন্তু জীববিজ্ঞান স্কুলের ডিন নিয়োগ নিয়ে শিক্ষকেরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। নিয়োগে অনিয়ম ও বিধিভঙ্গের অভিযোগ তুলে নতুন ডিনের অধীনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না শিক্ষকদের একটি অংশ। বর্তমান ডিনের নিয়োগ-প্রক্রিয়া যথাযথ বলে প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছেন শিক্ষকদের অন্য অংশ। এ কারণে পরীক্ষার দাবিতে গত ২৪ জুন শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা সামনের সড়কও অবরোধ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষকেরা ২৬ জুন পর্যন্ত সময় নেন। কিন্তু ওই তারিখে শিক্ষকেরা পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। পরে ২ জুলাই শিক্ষার্থীরা আবার পরীক্ষার দাবিতে মানববন্ধন করেন। ৩ জুলাই সংবাদ সম্মেলনে তাঁরা ঘোষণা দেন, ৭ জুলাই বেলা একটার মধ্যে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলে আমরণ অনশনে যাবেন তাঁরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, ‘শিক্ষার্থীরা এখন নিরুপায়। আমি শিক্ষার্থীদের কাছে এক সপ্তাহের সময় চেয়েছি।’