খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির প্রসার ঘটানোর আহ্বান
খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার দিনব্যাপী ‘কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) এবং তড়িৎ ও যোগাযোগ প্রকৌশল (ইসিই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে রোবটের বুদ্ধিমত্তা বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ বলেন, প্রযুক্তিবিশ্বে রোবট এমন সব দুরূহ কাজ নিঁখুতভাবে সম্পন্ন করছে, যা মানুষের পক্ষেও সম্ভব নয়। সেমিনারে সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফকির আবু হোসেন, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের ডিন আকতার হোসেন ও অধ্যাপক মনিরুজ্জামান। বক্তারা বলেন, প্রযুক্তির প্রসার ঘটাতে না পারলে দেশ ক্রমেই পিছিয়ে পড়বে। প্রযুক্তির প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। পরিবর্তিত এই প্রযুক্তি আত্মস্থ করে এ প্রজন্মকে শিক্ষিত করতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। রোবটের কাজ সম্পর্কে ধারণা দেওয়া, এর প্রযুক্তিগত বিশ্লেষণ এবং সামরিক, নিরাপত্তা, বিনোদন, শিক্ষা ও গৃহকর্মে কীভাবে একে ব্যবহার করা যায়, তার বিভিন্ন দিক নিয়ে এ সেমিনারে আলোচনা করা হয়। উদ্বোধন শেষে দুটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহযোগী অধ্যাপক লক্ষ্মীধর বেহেরা এবং দ্বিতীয় অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের আলেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক নাজমুল হক সিদ্দিকী। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠানের গবেষকেরা প্রবন্ধ উপস্থাপন করেন।—খুলনা অফিস