খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সময়সূচি ও আসনবিন্যাস আজ সোমবার প্রকাশ করা হয়েছে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মূল কেন্দ্র এবং শহরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানকে উপকেন্দ্র হিসেবে নির্ধারণ করে ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস করা হয়েছে। মোট ৯৭৯টি আসনের বিপরীতে এবার পরীক্ষার্থী ৪০ হাজার ১৩৮ জন।

পরীক্ষার সময়সূচি: ভর্তি পরীক্ষার প্রথম দিন ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাজবিজ্ঞান স্কুলের পরীক্ষা চলবে। একই দিন বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের পরীক্ষা চলবে।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষা।

১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের পরীক্ষা চলবে। একই দিন বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা।

আসনবিন্যাস: খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মূল কেন্দ্র (রোল নম্বর ০০০০১ থেকে ০৩৫৫০), খুলনা সিটি করপোরেশন উইমেন্স কলেজ উপকেন্দ্র (রোল নম্বর ০৩৫৫১ থেকে ০৫৭০০), রেভারেন্ড পলস হাইস্কুল উপকেন্দ্র (রোল নম্বর ০৫৭০১ থেকে ০৭৩০০), আযম খান সরকারি কমার্স কলেজ উপকেন্দ্র (রোল নম্বর ০৭৩০১ থেকে ০৮৭০০), খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ উপকেন্দ্র (রোল নম্বর ০৮৭০১ থেকে ১০৫০০) এবং পাবলিক কলেজ উপকেন্দ্র (রোল নম্বর ১০৫০১ থেকে ১১৩০০)। ভর্তিসংক্রান্ত সব তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd/admission-এ পাওয়া যাবে।